বাংলা ১ম পত্র
বৃক্ষ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বাংলা ১ম পত্রের বৃক্ষ কবিতা থেকে একটি প্রশ্নোত্তর আলোচনা করব। ‘কেবল সৌন্দর্যের পরিবেশ নয়, মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই। গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধারণ ভূমিকা। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে। ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধেও গাছপালা সহায়তা করে। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন।’প্রশ্ন: ক. ‘বৃক্ষ’ কবিতায় অনন্তযৌবনা কে?খ. বৃক্ষ মৃত্তিকাকে কীভাবে মুক্তি দিয়েছে?গ. উদ্দীপকের অনুভূতিই যেন বৃক্ষ কবিতার মূল বন্দনা’—এই মতের সঙ্গে তুমি কি একমত?ঘ. উদ্দীপকের শেষ দুই চরণের যথার্থতা ‘বৃক্ষ’ কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘বৃক্ষ’ কবিতায় অনন্তযৌবনা বসুন্ধরা।উত্তর: খ. পৃথিবীর নিষ্প্রাণ পৃষ্ঠে সবুজ-শ্যামলের গর্বিত বিকাশ ঘটিয়ে বৃক্ষ মৃত্তিকাকে উষ্ণতা থেকে মুক্তি দিয়েছে।সৃষ্টির শুরুতে পৃথিবী এত সুন্দর ও সাবলীল ছিল না। চারদিকে মরুভূমি আর পানি। বৃক্ষ পৃথিবীর প্রথম প্রাণ হিসেবে সেই উষ্ণ মরুভূমিকে শ্যামলে পরিণত করে পৃথিবীকে বা মাটিকে নতুন প্রাণশক্তি দিয়ে সবুজ ও সতেজ করেছে। বৃক্ষই তার প্রাণশক্তি দিয়ে পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত ও কল্যাণের ধারায় সমৃদ্ধ করেছে; এভাবে বৃক্ষ মৃত্তিকাকে মুক্তি দিয়েছে।উত্তর: গ. ‘বৃক্ষ হলো আদিপ্রাণ—বৃক্ষের মাঝেই পৃথিবীর জাগরণ’ এই সত্যই উদ্দীপক ও ‘বৃক্ষ’ কবিতার মূল বন্দনা।পৃথিবীকে প্রাচুর্যময় ও সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে বৃক্ষের ভূমিকা অনন্য। বৃক্ষ কবিতায় বৃক্ষকে পৃথিবীর আদিপ্রাণ ও বীরসন্তান হিসেবে দেখিয়ে কবি বলেছেন, বৃক্ষ না থাকলে এ পৃথিবী কখনো কোনো ছন্দ পেত না, এ পৃথিবী ফুলে-ফলে এত সুন্দর হতো না। উদ্দীপকেও আমরা দেখতে পাই, বৃক্ষই পৃথিবীর উদ্ধারকারী।উদ্দীপক ও কবিতার আলোকে দেখা যায়, পৃথিবীকে প্রাণপ্রাচুর্যময় ও অর্থবহ করে গড়ে তুলেছে বৃক্ষ। কবি পৃথিবীকে সুন্দর ও সুশোভিত এবং মানুষের বসবাসের উপযোগী করে তোলার ক্ষেত্রে বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন। বৃক্ষের জয়গানই যেন কবির বৃক্ষের শ্রেষ্ঠত্ব বন্দনা। উদ্দীপকের মাঝেও দেখা যায়, এই পৃথিবীতে গাছ না থাকলে প্রাণী, পরিবেশ ও মানুষের প্রতি প্রকৃতি কত বিরূপ হতে পারে। তাই পৃথিবীর সুন্দর, যাবতীয় পরিশুদ্ধতা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বৃক্ষের যেন প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। তাই উদ্দীপকের অনুভূতিই যেন বৃক্ষ কবিতার মূল বন্দনা বলে আমি মনে করি।উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ’ কবিতা ও আলোচ্য উদ্দীপকের শেষ দুই চরণে পৃথিবীকে সুন্দর, বসবাসের উপযোগী ও মানুষের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।পৃথিবী যখন শূন্য ছিল, চারদিকে মরুভূমি আর সাগর ছাড়া কিছুই ছিল না, তখন বৃক্ষ আদিপ্রাণ হিসেবে জন্ম নিয়ে একে বসবাসের উপযোগী করেছে। মৃত্তিকার কঠিন আবরণ ভেদ করে বৃক্ষ উদ্ভব হয়েছে বলে এই পৃথিবীতে পরিবেশ ঠিক রেখে, শীতল রেখে মানুষ বেঁচে আছে।উদ্দীপকের শেষ দুই চরণে আমরা গাছ না থাকলে পরিবেশ, পৃথিবী ও মানুষের কী অবস্থা হতো, সেই মর্মে আলোকপাত করা হয়েছে। কবিতায়ও দেখানো হয়েছে, সূর্যের দহনে দগ্ধ মরুপ্রান্তরে ও সমুদ্রবক্ষের দ্বীপমালায় বৃক্ষ সবুজের শ্যামল সিংহাসন প্রতিষ্ঠা করেছে। পৃথিবী বৃক্ষ সুন্দর ও অনন্ত যৌবনারূপে প্রতিষ্ঠিত করেছে।আলোকের আহ্বানে বৃক্ষ পৃথিবীকে নানা রঙে রঞ্জিত করেছে। বৃক্ষ তার পত্রপল্লবের বিচিত্র বর্ণ আর রূপ-সৌন্দর্য দিয়ে পৃথিবীকে সুন্দর ও সুশোভন করে সাজিয়েছে। বৃক্ষ যখন ছিল না, তখন পৃথিবী উত্তপ্ত ছিল এবং বসবাসের অনুপযোগী ছিল। ফলে পৃথিবীতে একদিকে মরুকরণ, অপর দিকে পানির আস্ফাালন ছিল। বৃক্ষের আবির্ভাবে জীবনের পরিপূর্ণতা আসছে, পরিবেশ সুশীতল হয়েছে, মানুষের জীবনে টিকে থাকার লড়াইয়ে সহায়ক হয়েছে। ইন্দ্রের অপ্সরীর মতোই যেন পৃথিবীকে অমৃতরসে ভরে তোলে বৃক্ষ। পৃথিবীতে বৃষ্টির সাহায্যে পরিবেশকে উষ্ণতা থেকে বাঁচায়। ভারীবর্ষণে বৃক্ষের কল্যাণেই পৃথিবী হয় অনন্তযৌবনা, মনোহারিণী ও রূপসী। তাই উদ্দীপকের শেষ দুই চরণের মাধ্যমে বৃক্ষের যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তা বৃক্ষ কবিতায় পরিপূর্ণরূপে বিধৃত হয়েছে।