বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: বাঙালির বাংলা


প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের বাঙালির বাংলা প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে- আমার জন্মভূমি।
ক) সত্ত্বগুণের প্রধান শত্রু কোনটি?
খ) ‘বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান’ বলতে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের বক্তব্য উপস্থাপনই কি কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য? ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে যুক্তি দাও।
উত্তর: ক. সত্ত্বগুণের প্রধান শত্রু তমোগুণ।
উত্তর: খ. ‘বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান’ বলতে বোঝানো হয়েছে, বাংলা এমন একটি স্থান, যেখানে ঐশ্বরিক শক্তির সাধনা দ্বারা মানুষ যাবতীয় ভালো কাজকে আরও সুসংহত করেছে।
যুগে যুগে বাংলার মাটিতে নানা ধর্ম ও মতের আগমন ঘটেছে। নানা ধর্মের প্রচারকও এসেছে বিভিন্ন স্থান থেকে। তাঁদের ধর্মসাধনা ও প্রচারের দিকটি বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। বাংলার মাটিতে তপস্যা করে পীর-আউলিয়া-দরবেশসহ পবিত্র মানুষেরা সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তাই ‘বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান’ বলে আখ্যায়িত করা হয়েছে।
উত্তর : গ. উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা হলো প্রাকৃতিক সম্পদ ও বাংলা চিরসৌন্দর্যের দিক।
উদ্দীপকে দেখা যাচ্ছে, বাংলাদেশ একটি অনন্য দেশ, যেখানে মানুষ ও প্রকৃতি; আবার প্রকৃতি ও মানুষ একই ধারায় প্রবাহিত। এ দেশের সবই যেন প্রকৃতির এক লীলাক্ষেত্র।
নদীমাতৃক এ দেশের মাটিতে সোনার ফসল ফলে। মাটির ওপর থেকে নিচ পর্যন্ত সব স্থানে যেন এর সম্পদ ভরপুর। উদ্দীপকের এই মনোভাবই বাঙালির বাংলা প্রবন্ধে ফুটে উঠেছে।
বাঙালির বাংলা প্রবন্ধে আমরা লক্ষ্য করি, পৃথিবীর মধ্যে বাংলাদেশ এক অনন্য সৌন্দর্যের আধার হিসেবে বিবেচিত। স্বপ্নের দেশের মতো সুন্দর এ বাংলায় প্রকৃতি আপন হাতে রং ছড়িয়েছে।
বাংলা সবখানেই যেন সুন্দরের অপরূপ ছোঁয়া। এখানে প্রকৃতি খুবই উদার। পৃথিবীর আর যেন কোনো সুন্দর এখানে মিলতে পারে না। সে এক অনন্য রূপের আধার! তা ছাড়া তার শরীরে রয়েছে সম্পদের নতুন সৌন্দর্য। তাই উদ্দীপকের সঙ্গে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের সৌন্দর্যগত মিল এখানে উল্লিখিত হয়েছে।
উত্তর: ঘ. উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য নয়। কেননা, প্রকৃতির সৌন্দর্যের অর্থ দিয়ে নয়, মনোবল ও সাহসের মাধ্যমে বাঙালির বিশ্বাসকে তিনি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এবং তা নিয়ে গর্বের কথা রয়েছে উদ্দীপকে। এখানে বাঙালির জীবনপ্রণালিতে সাহস বা উদ্দীপনাময় কোনো বিষয় উঠে আসেনি। কিন্তু কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ‘বাঙালির বাংলা’তে বাঙালির জেগে ওঠা প্রসঙ্গে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আংশিকভাবে এসেছে; কিন্তু সেখানে বাঙালির দৃঢ় অবস্থানের ও দুর্দশার কথা উঠে এসেছে বিবিধভাবে।
বাংলাদেশ আমাদের মাতুভূমি। আমরা এ দেশে জন্মে ধন্য হয়েছি, কারণ এ দেশের প্রতিটি বস্তুই আমাদের কাছে পরম প্রিয়। এ দেশকে নিয়ে গর্বের কথা উদ্দীপক ও বাঙালির বাংলা প্রবন্ধে রয়েছে। কিন্তু প্রবন্ধে নজরুলের বক্তব্য আরও গভীর ভাবনায় সমৃদ্ধ। প্রাবন্ধিক এখানে বাঙলির জাতিকে আরও সুসংগঠিত হওয়ার এবং আত্মবিশ্বাসী বানাতে চেয়েছেন।
বাংলাদেশ প্রকৃতির বৈচিত্র্যে ঘেরা একটি দেশ; যেখানে সুন্দরের কোনো তুলনা হয় না। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা লক্ষ করি, যুগে যুগে কত বিদেশি আমাদের দেশ দখলে নিয়েছে। কিন্তু আমরা কোনো প্রতিবাদ-প্রতিরোধ করিনি। শুধু নিজেদের আমরা ছোট ভেবেছি, কিন্তু বাঙালির মধ্যেও যে এক শক্তি রয়েছে, তা তারা অনেকেই জানে না। আমাদের জেগে উঠতে হবে। বাংলার অধিকার নিজেদের হাতে নিতে হবে। কিন্তু উদ্দীপকের কবির ভাবনা বাংলা প্রকৃতির প্রতি, যা উদ্দীপকের সঙ্গে কবির মূল পার্থক্য। তাই বলা যায়, বাংলার মানুষের জেগে ওঠার জন্য কাজী নজরুল ইসলাম প্রবন্ধে যা বলতে চেয়েছেন, তা উদ্দীপকের বিষয় হয়ে ধরা দেয়নি।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা