বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: বাঙালির বাংলা

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের বাঙালির বাংলা প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

১
চলতে ওরা চায় না মাটির ছেলে
মাটির পরে চরণ ফেলে ফেলে
আছে অচল আসনখানা মেলে
যে যার আপন উচ্চ বাঁশের মাচায়।
২
অভিয়ানের বীর সেনাদল!
জ্বালাও মশাল, চল আগে চল!
কুচকাওয়াজের বাজাও মাদল
গাও প্রভাতের গান!
ক) বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে কে?
খ) ‘বাংলা বাঙালির হোক’ বলতে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপক-১-এ ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে উদ্দীপক-১-এর সঙ্গে উদ্দীপক-২-এর সম্পর্ক নির্ণয়পূর্বক এর যথার্থতা যাচাই করো।

উত্তর: ক.
বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয়।
উত্তর : খ.
‘বাংলা বাঙালির হোক’ বলতে বোঝানো হয়েছে, বিদেশি শক্তিকে প্রতিরোধ করে বাঙালি যেন নিজেরাই নিজ শক্তিতে প্রতিষ্ঠিত হয়।
বাংলার মাটিতে বিদেশি শক্তি যুগ যুগ ধরে কারণে-অকারণে শিকড় গেড়েছে। তারা সব সময় চাইত এ দেশের সম্পদ তাদের করে নিতে।
আমরা বাঙালিরাও ছিলাম তাদের প্রভুত্ব স্বীকার করে নেওয়ার পক্ষপাতী। কিন্তু প্রাবন্ধিক বলেছেন, এ রকম ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে; তিনি প্রত্যাশা করেছেন, বাঙালি তার ভুল বুঝতে পারবে এবং অধিকারবোধে সচেতন হয়ে নিজেকে চালিত করবে।

উত্তর : গ.
উদ্দীপক-১-এ ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বর্ণিত বাঙালি জাতির অলসতার বা কুড়েমির দিকটি ফুটে উঠেছে।
উদ্দীপক-১-এ আমরা দেখতে পাচ্ছি অলসতার প্রতিচ্ছবি। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে দেখানো হয়েছে যে আলস্য ও কর্মবিমুখতার জন্য বাঙালি কীভাবে দিন দিন পিছিয়ে পড়েছে। কথায় আছে গতিই জীবন, স্থিতিই মৃত্যু। বাঙালি কর্মবিমুখ। বাঙালির অলসতা তাকে টেনে পিছে নিয়ে যাচ্ছে। দিন দিন অন্য জাতি থেকে পিছিয়ে পড়ছে শুধু তাদের এই অলসতার জন্য। মাটির সন্তান হয়েও মাটির বুকে হেঁটে বেড়ানো তাদের কাছে কঠিন কাজ।
নিজেদের গণ্ডিতে অচল পদার্থের মতো তারা বিরাজমান। প্রবন্ধের বাঙালির আলস্যে ভরা স্বভাবটি তাই উদ্দীপক-১-এর সঙ্গে মিলে যায়। কেননা, উদ্দীপক-১-এ যেমন কর্মবিমুখ মানুষের কথা উঠে এসেছে, ঠিক তেমনি কর্মবিমুখ বাঙালির কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে বাঙালির বাংলা প্রবন্ধে।
উত্তর: ঘ.
উদ্দীপক-১-এর অলসতা বাদ দিয়ে উদ্দীপক-২-এর সাহসিকতা বাঙালিকে আরও উন্নত করতে পারবে বলে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ‘বাঙালির বাংলা’তে বলা হয়েছে।
উদ্দপক-১-এর অলসতা বাঙালিকে ফেলেছে আস্তাকুঁড়ে। আর উদ্দীপক-২-এর সাহসিকতা বুকে ধারণ করলে বাঙালি হতে পারবে আরও আত্মশক্তিতে বলীয়ান। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধেও বলা হয়েছে বাঙালির যাবতীয় সমস্যা হলো তাদের অলসতা। তাদের সাহসী হতে হবে।
অলসতা কোনোভাবেই কোনো মানুষকে জাগিয়ে তুলতে পারে না। অলসতা প্রত্যেক মানুষেকে অনেক পেছনে ফেলে দেয়। বাঙালিকে এই অলসমানসতা অনেক পিছে ফেলেছে বলে প্রাবন্ধিক মনে করেন। তিনি বলেছেন, এই আলসেমি আর নয়, সাহসী হতে হবে এবং লড়াই করে টিকে থাকার মনোবল বৃদ্ধি করতে হবে।
‘বাঙালির বাংলা’ প্রবন্ধ অবলম্বনে আমরা বলতে পারি, জীবনে বড় হতে হলে এবং জাতীয় জীবনে উন্নতি করতে হলে সব রকম অলসতা ত্যাগ করতে হবে। উদ্দীপক-১-এর অলস লোকদের উদ্দীপক-২-এর সাহসী সেনানীদের মতো করে গড়তে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব।
কাজী নজরুল ইসলাম বাঙালির এমন পরিবর্তন চান, যেখানে বাঙালি তার আলসেমি ছেড়ে দিয়ে কাজে মনোনিবেশ করবে এবং সাহসিকতার মধ্য দিয়ে তারা জয় করবে আগামী দিনের বাস্তবতাকে।
তাই উদ্দীপক-১-এর অলসতা উদ্দীপক-২-এর মতো সাহসিকতায় পরিণত করে বাঙালিকে আপন শক্তিতে ফিরিয়ে আনতে পারলেই বাঙালি উন্নতি লাভ করতে পারবে বলে কাজী নজরুল ইসলাম তাঁর প্রবন্ধ ‘বাঙালির বাংলা’তে মনে করেন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা