সৃজনশীল প্রশ্নোত্তর: পড়ে পাওয়া
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের পড়ে পাওয়া প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
সন্ধ্যায় দেখা গেলো নিজেদের ছাগলের সঙ্গে অন্য কারও একটি ছাগলও গোয়ালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এল না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক-শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তালিমকে সঙ্গে নিয়ে দুজন দুদিকে যেয়ো। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গাঁয়ে ঘোষণা দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শমতো বলতে লাগল, ভাই সব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল, তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে ছাগলটি নিয়ে যান।
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত?
খ. ‘দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দাদু যেন ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনারই প্রতিভূ—বিশ্লেষণ করো।
উত্তর: ক
নির্সগের রূপকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমধিক পরিচিত।
উত্তর : খ
টিনের বাক্সে রক্ষিত টাকা নিজেরা ভাগ না করে মালিককে ফেরত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে এ উক্তিটি করা হয়েছে।
‘পড়ে পাওয়া’ গল্পে বিধু ও তার বন্ধু একটি টিনের বাক্স পড়ে পায়। বাক্সটি পাওয়ার পরে তারা ভাবে, বাক্সে যা আছে তা তারা ভাগ করে নেবে, কিন্তু পরের প্রয়োজনীয় এ অর্থের কথা ভেবে অধর্ম করা যাবে না বলে তারা তা প্রকৃত মালিককে ফেরত দিতে মনস্থির করে। এই ব্যাপারে উক্ত উক্তিটি করা হয়েছে।
উত্তর : গ
উদ্দীপকের রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের নদীর ধারের গাছে পোস্টার লাগানোর সঙ্গে সংগতিপূর্ণ ।
উদ্দীপকের রফিক-শফিক-এর দাদু যখন দেখলেন ছাগলটি কেউ নিতে আসছে না, তখন তিনি তাঁর নাতিদেরকে বললেন যে চোঙ্গা ফোঁকাতে। এখানে পরের জিনিসের প্রতি নির্লোভকে নির্দেশ করা হয়েছে। ‘পড়ে পাওয়া’ গল্পে আমরা এমন ঘটনা দেখি টিনের বাক্স ফেরত দেওয়ার ব্যাপারে কিশোরদের বিজ্ঞাপন দেওয়ার ঘটনায়।
কিশোরের পড়ে পাওয়া গল্পে টিনের বাক্সটি যখন তার মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে তখন তারা কোন উপায়ে তা ফেরত দেবে ভাবতে থাকে। ‘পড়ে পাওয়া’ সম্পদের মালিককে খুঁজে পেতে চাইলে প্রাপ্তি সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই বলে তাদের ভাবনা প্রতিফলিত হয়। ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা বিধুর পরামর্শে নদী তীরের গাছে প্রাপ্তি সংবাদসহ পোস্টার সেঁটে দেয়। উদ্দীপকে ছাগল প্রাপ্তির সংবাদ প্রচারে দাদুর নির্দেশ মতো রফিক-শফিক মসজিদের টিনের চোঙ্গা নিয়ে গাঁয়ে বেরিয়ে পড়ে এবং চোঙ্গা ফুঁকে ফুঁকে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। অন্যের সম্পদের প্রতি নির্লোভের বিষয়টি এভাবে গল্পে ও উদ্দীপকে ফুটে উঠেছে।
উত্তর: ঘ
দাদু তাঁর নির্লোভ মানসিকতার পরিচয় দিয়ে পড়ে পাওয়া গল্পের মূলচেতনার প্রতিভু হয়ে উঠেছেন।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা পরের সম্পদের দিকে লোভ না করে তা ফেরত দেওয়ার মানসিকতার মধ্য দিয়ে যেমন নির্লোভ মানসিকতার পরিচয় দিয়েছে উদ্দীপকের দাদু ঠিক তেমনই মানসিকতার পরিচয় দিয়ে বিধু ও তার কিশোর বন্ধুদের সঙ্গে মিলে গেছে।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা একটি টিনের বাক্স পড়ে পায়, কিন্তু তারা তা আত্মসাত্ না করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। কিশোরদের চেতনা ও কাজকর্মের সঙ্গে উদ্দীপকের দাদু চরিত্রটি বেশ মিলে যায়। কেননা, তিনি গোয়ালে ঢোকা অন্য কারও ছাগলটি মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন এবং সে লক্ষ্যেই রফিক-শফিককে প্রাপ্তিসংবাদটি প্রচারের জন্যে বেরিয়ে পড়ার আদেশ দেন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা