সৃজনশীল প্রশ্ন: দুই বিঘা জমি

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ১ম পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান। আর দোকানের পাশেই গড়ে উঠেছে ‘ক’ হাউজিং সোসাইটির বিশালকায় অ্যাপার্টমেন্ট। একদিন সকালে মতিন দেখে, তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানাপ্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ঘুরে ফ্ল্যাস্কে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
খ. ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’—বলতে কী বোঝানো হয়েছে?
গ. ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে, তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের মতিন ‘দুই বিঘা জমি’ শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কি না, এ বিষয়ে মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো।
প্রশ্নের নমুনা উত্তর:
ক.
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
খ.
বিত্তবানেরা আরও বিত্তের মালিক হওয়ার লোভে গরিবের সর্বস্ব হরণ করে—উদ্ধৃত্ত চরণটিতে তাই বোঝানো হয়েছে।
সমাজে যারা বিত্তশালী, তাদের অনেকেরই লোভ অপরের সম্পদের দিকে। ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেনের সামান্য জমির প্রতি নজর পড়ে জমিদারের। দরিদ্র কৃষক উপেনের সর্বশেষ সম্বল দুই বিঘা জমিও জমিদার মিথ্যা দেনার দায়ে দখল করে নেয়। ধন লাভের নিমিত্তে যেকোনো অন্যায় কাজ করতেও জমিদারের বাধেনি; তাই বলা হয়েছে, ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’।
গ.
উদ্দীপকের ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা হলো ভোগবাদী মানসিকতা।
উদ্দীপকের আলোকে বলা যায়, ভোগবাদী মানসিকতা হলো বিত্ত-বৈভবের প্রতি লোভ এবং ভোগবাদীরা পরের সম্পদ অর্জনকেই জীবনের মূল লক্ষ্য বলে মনে করে।
উদ্দীপকের ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব চরিত্রের এমনই এক ভোগবাদী প্রবণতার দিকটি প্রকাশিত হয়েছে।
উদ্দীপকে ‘ক’ হাউজিং সোসাইটির লোকজন আগ্রাসী ও লোভী মানসিকতার পরিচয় দিয়েছে। তারা লোভের বশে গরিব মতিন মিয়ার ছোট্ট চায়ের দোকানের জায়গাটি দখল করে নেয়। মতিন মিয়ার কিছুই করার থাকে না। তেমনি প্রদত্ত কবিতায়ও আমরা দেখতে পাই, উপেনের মাত্র ২ বিঘা জমি পর্যন্ত জমিদারের নজর এড়িয়ে যায়নি। লোভের বশবর্তী হয়ে জমিদার মিথ্যাকে সত্যে পরিণত করে জমিটি জোরপূর্বক দখল করে নিয়েছে।
তাই বলা যায়, ‘ক’ হাউজিং সোসাইটির কার্যক্রমে কবিতার বাবু সাহেবের চরিত্রের ভোগবাদী ও দখলদারি মানসিকতা স্পষ্ট ফুটে উঠেছে।
ঘ.
উদ্দীপকের মতিন ‘দুই বিঘা জমি’ শোষিত উপেনের সার্থক প্রতিনিধি। উদ্দীপকের মতিন যেমন ‘ক’ হাউজিং সোসাইটির খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে তেমনি ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনও জমিদারের লোভে পড়ে নিঃস্ব হয়ে পথে নেমেছে।
সমাজে গরিবেরা চিরদিনই উপেক্ষিত, বঞ্চিত ও নিগৃহীত। ধনীদের লোভী দৃষ্টিতে পড়ে গরিবেরা সারা জীবন শোষিত হতে থাকে। কারণ, উদ্দীপকের ‘ক’ হাউজিং সোসাইটি মতিন মিয়াকে না বলেই তার ছোট্ট দোকানটি উচ্ছেদ করে দিয়েছে। তার প্রতি কোনোরূপ সহানুভূতি তারা দেখায়নি। পরে সে চায়ের ফ্ল্যাক্স নিয়ে পথে পথে বিবাগি হয়ে ঘুরে জীবন ধারণ করেছে। ‘দুই বিঘা জমি’ কবিতাতেও আমরা উপেনকে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হতে দেখি।
‘দুই বিঘা জমি’ কবিতার উপেনকে জমিদারের লোভী মনোভাবের জন্য সর্বস্বান্ত হয়ে ভিটা ছাড়তে বাধ্য হতে হয়। মিথ্যা দেনার দোহাই দিয়ে উপেনকে পথে বের করে দেওয়া হয়। দরিদ্র কৃষক উপেনের মতোই জীবন যাপন করে উদ্দীপকের মতিন মিয়া। ছো্ট চায়ের দোকানটিই তার জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। উদ্দীপকের মতিন বা কবিতার উপেন যার কথা বলা হোক না কেন, তাদের কারও প্রতিই ধনীদের সহানুভূতির দৃষ্টি প্রকাশ পেতে দেখা যায় না। দুই চরিত্র একইভাবে নিঃস্ব হয়ে পথে পথে বের হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মতিন ‘দুই বিঘা জমি’ শোষিত উপেনের সার্থক প্রতিনিধি।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা