সৃজনশীল প্রশ্ন: পাছে লোকে কিছু বলে
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ১ম পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক. ‘সদা’ শব্দটির অর্থ কী?
খ. ‘সংশয়ে সংকল্প সদা টলে’—কেন?
গ. উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় নিন্দুকের সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখো।
উত্তর: ক
‘সদা’ শব্দটির অর্থ সব সময়।
উত্তর: খ
অপরের সমালোচনার ভয়ে সংশয়ে সংকল্প টলে।
দৃঢ় মনোবল না থাকলে অন্যের সমালোচনা আমাদের দুর্বল করে ফেলে। সমাজে কোনো কাজ করতে গেলে এমন নানাজন নানা রকম সমালোচনা করে থাকে। এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ না করলে আমাদের সংশয়ে থাকতে হয়; সংকল্প নড়বড়ে হয়; অপরের সমালোচনার ভয়ে সংশয়ে সংকল্প টলে।
উত্তর: গ
নিন্দুক আমাদের কাজকর্মের সঠিকভাবে করার প্রেরণা জোগায়—এই দিক থেকে উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় নিন্দুকের সাদৃশ্য রয়েছে।
নিন্দুকেরা আমাদের কাছে বন্ধুর চেয়ে বেশি দামি কারণ তারা আমাদের ভুল-ভ্রান্তিগুলো ধরে দেয়; আমাদের শুধরাতে সুযোগ করে দেয়; সচেতন হতে সাহায্য করে। তাদের কর্মপ্রক্রিয়ায় আমরা সাবধান হয়ে পথ চলতে পারি। তাই ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মতো আলোচ্য উদ্দীপকে নিন্দুকের নিন্দাশক্তির সাদৃশ্য ফুটে উঠেছে।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতা ও উদ্দীপকে বর্ণিত নিন্দুকের মাঝে এদিক বিচারে সাদৃশ্য বিদ্যমান। নিন্দুক পরোক্ষভাবে পরের কল্যাণের জন্যই নিন্দা করে থাকে। কবিতার নিন্দুকের ভয়ে আমরা তেমন খারাপ কাজ করতে পারি না। উদ্দীপকের নিন্দুকের মাঝেও আমরা সেই ভীতি দেখতে পাই। আমরা আমাদের যাবতীয় খারাপ কাজ থেকে নিন্দুকের ভয় পাই। এসব বৈশিষ্ট্যেই উভয় প্রকার নিন্দুক পরস্পর সাদৃশ্যপূর্ণ।
উত্তর: ঘ
উদ্দীপক এবং ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার নিন্দুকের প্রভাবকে পুরোপুরিভাবে একসূত্রে গাঁথা যায় না।
উদ্দীপকের নিন্দুকের কাজ ভুল সংশোধনের মাধ্যমে অপরকে সাহায্য করা। তাকে কবি সাধুবাদও জানিয়েছেন কারণ সে কাজের পরিসীমাকে স্বচ্ছ করে, খারাপ কাজ করতে বাধাদান করে কিন্তু পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের যে বর্ণনা করা হয়েছে, তাতে দেখা যায় যে নিন্দুকের ভয়ে অনেক কিছু খারাপও হতে পারে।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতাতে আমরা লক্ষ করি, নিন্দুকের সমালোচনার ভয়ে আমাদের কাজে বাধাও আসতে পারে। নিজের ইচ্ছা থেকেই নিন্দুকেরা অন্যের সমালোচনা করে থাকে। এর ফলে কখনো ভালো আবার কখনো খারাপ অবস্থা তৈরি হয়। নিন্দুক ও তার কথাবার্তা আমাদের জীবনেরই এক অপরিহার্য অংশ।
উদ্দীপকে নিন্দুকদের ভালো দিকের কথা বলা হয়েছে। নিন্দুকের দ্বারা সেখানে কোনো সমালোচনার ভয় নেই। নিন্দুকের জন্যই উদ্দীপকের কবি উত্সাহ পান, অনুপ্রেরণা লাভ করে কাজে গতি ফিরিয়ে আনেন; সঙ্গে তিনি সাবধানও হতে পারেন। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যেসব নিন্দুকের কথা বলা হয়েছে, তাদের সমালোচনার ভয়ে অনেক সময় আমরা নিজের কাজ ও কর্তব্য থেকে পিছিয়ে আসি। আমাদের প্রয়োজনীয় সব কাজের উত্সাহ হারিয়ে ফেলি। তবে অনেক ক্ষেত্রে সেসব বাধা ও সমালোচনার ফলে আমরা আমাদের ভুল বুঝতে পারি। আলোচনার এ ক্ষেত্রে বলা যায়, উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে পুরোপুরি একসূত্রে গাঁথা যায় না।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা