অনুচ্ছেদ লিখন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী বাংলা ২য় পত্রে অনুচ্ছেদ লিখন বিষয়টি নতুন। অনুচ্ছেদ লেখার সময় মনে রাখবে, অনুচ্ছেদে কোনো প্যারা করবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই। অনুচ্ছেদে কোনোরূপ ভূমিকা প্রয়োজন নেই।
নৈতিকতা
নৈতিকতা হলো মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সত্ চিন্তা, সততা ও নির্লোভ জীবনের সঙ্গে সম্পৃক্ত। মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার একটি সম্পর্ক রয়েছে। ব্যক্তিজীবনে এবং সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো মানুষই কখনো সবার শ্রদ্ধা ও বিশ্বস্ততা লাভ করতে পারে না। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ স্বভাবতই সত্ চরিত্রের হয়ে থাকে। তাই সত্ চরিত্রবান মানুষের প্রভাব সমাজে পড়ে।
নৈতিক কথাটি নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি, তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় না। পরের দুঃখে যার মন কাঁদেনা, লোভের বশবর্তী হয়ে যে অন্যের অধিকার হরণ করে, তার মধ্যে সুনীতি আশা করা যায় না। এমন কিছু বিশেষ গুণাবলি অর্জন করা উচিত, যা মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বিচার করার শক্তি দেয়। সমাজে দরকার আলোকিত মানুষ, যাঁরা নিজেরা আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে।
একটি লোকজ মেলা

বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান উপকরণ লোকজ মেলা। বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান আকর্ষণ লোকজ বিভিন্ন উপাদানের প্রাচুর্য। এখানে দেশীয় খাবারের মধ্যে থাকে মুড়ি-মুড়কি, খই, নানা রকমের গুড়, বাতাসা, ছানা, সন্দেশ, মণ্ডা, মিঠাই, দই প্রভৃতি। কুমারদের হাতে বানানো ছোট ছোট নানা ধরনের তৈজসপত্রের মধ্যে উল্লেখযোগ্য নানা রকমের মাটির তৈরি পশুপাখি, মাটির ব্যাংক, লবণের পাত্র, মটকা, নানা রকমের মাটির পুতুল, খেলনাসামগ্রী।
হস্তজাত বস্ত্রশিল্পের দোকানে পাওয়া যায় সুতি কাপড়, রেশম কাপড়, কাতান, জামদানিসহ নানা রকম শাড়ি, লুঙ্গি, থেকে শুরু করে হাল আমলের থ্রি-পিস, ছেলেদের পাঞ্জাবি সবই। তবে এই দোকানগুলোর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো নকশিকাঁথা।
আসবাবপত্রের দোকানে পাওয়া যাবে গতানুগতিক ধারার বাইরের নানা রকম ডিজাইনের বা খোদাই করা কাঠের আসবাব। যেমন দরজা, খাট প্রভৃতি। এসব দোকানে নানা রকম অলংকৃত বাদ্যযন্ত্রও পাওয়া যায়। মেলায় পুতুল নাচের ব্যবস্থা থাকে। একপাশে বিশাল মঞ্চে বিভিন্ন ধরনের লোকসংগীত যেমন জারি, সারি, ভাটিয়ালি, লোকনাট্য, যাত্রাপালা পরিবেশিত হয়। লোকজ মেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলা আমাদের প্রাণের মেলা। লোকজ মেলা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা