বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ লিখন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে অনুচ্ছেদ লিখন বিষয়টি নতুন। অনুচ্ছেদ লেখার সময় মনে রাখবে, অনুচ্ছেদে কোনো প্যারা করবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই। অনুচ্ছেদে কোনোরূপ ভূমিকা প্রয়োজন নেই।

.
.

আমার মা
মা শব্দটি পৃথিবীর সবচেয়ে আপন। এর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক এতই নিবিড় যে, শব্দটির সঙ্গে আর কিছুরই তুলনা হতে পারে না। পৃথিবীতে মা সবচেয়ে আপনজন। আমাদের কাছেও আমাদের মা সবচেয়ে প্রিয়। মাকে ছাড়া আমি একটি দিনও ভাবতে পারি না। মা আমাকে অনেক স্নেহ করেন। সব সময় আমাকে নিয়ে ভাবেন। আমি দুপুরে স্কুল থেকে বা সন্ধ্যায় মাঠ থেকে ফিরতে দেরি করলে মা দুশ্চিন্তায় পড়ে যান। আমার অসুখ করলে মা সব সময় আমার যত্ন করেন। রাত জেগে আমার পাশে বসে থাকেন। মা আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি মায়ের কাছে কোনো কিছুই গোপন করি না। আমার মা আমাকে শিক্ষিত করে তোলেন। তিনি আমার প্রতি এতই আন্তরিক যে তিনি নিজের কথা চিন্তা করেন না। আমার মা আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। তাই আমি সব সময় মায়ের কথামতো চলতে চেষ্টা করি। মা-বাবার কথামতো চলা আমাদের সবারই উচিত কেননা তাঁদের মতো এত আপন আর কেউ হতে পারে না।

ফেরিওয়ালা
পৃথিবীতে মানুষের নানা রকম পেশা রয়েছে। শহর বা গ্রামের পথে পথে, অলিতে-গলিতে, বাড়ি-বাড়ি গিয়ে যারা ফেরি করে নানা রকম জিনিস বিক্রি করে, তারাই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত মুখ। তাঁদের সবকিছুই আমাদের চোখে ভেসে ওঠে বা কানে বেজে ওঠে। তাঁরা নানা স্বরে, সং সেজে, ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন। পোশাক-পরিচ্ছদ, খাদ্যসামগ্রী, খেলনা, প্রসাধনসামগ্রী, বাসন-কোসনসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিস আমরা ফেরিওয়ালার কাছ থেকে পেয়ে থাকি। সারা দিন ধরে রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে তাঁরা ফেরি করে বেড়ান, যেদিন একটু ভালো বিক্রি হয়, সেদিন তাঁর সংসারে একটু ভালো খাবার রান্না হয়। সব ফেরিওয়ালার জীবনে থাকে দারিদ্র্য, অনেক দুঃখ-কষ্ট। ফেরিওয়ালা পরিশ্রমী; পরিশ্রম করলেও তাঁদের ভাগ্যের তেমন উন্নয়ন ঘটে না, তবু জীবনযুদ্ধে তাঁদের অংশীদারত্ব আমাদের পরিশ্রমী হতে শেখায়।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা