বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ লিখন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে অনুচ্ছেদ লিখন বিষয়টি নতুন। অনুচ্ছেদ লেখার সময় মনে রাখবে, অনুচ্ছেদে কোনো প্যারা থাকবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই। অনুচ্ছেদে কোনোরূপ ভূমিকা প্রয়োজন নেই।

.
.

আমাদের বিদ্যালয়
আমাদের বিদ্যালয়ের নাম সাভার উচ্চ বিদ্যালয়। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়টি আমাদের গ্রামে অবস্থিত। আমাদের বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির বয়স প্রায় ৪০ বছর। হাজার হাজার শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছেন। আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। সারি সারি সবুজ গাছের ছায়াঘেরা স্কুলটি একটি দোতলা ভবন। ভবনটি হলুদ রঙের। নিচতলায় শিক্ষকদের কক্ষ, অফিসকক্ষ, বিজ্ঞানাগার ও পাঠাগার। পাঠাগারে দেশি-বিদেশি নানা রকম বই ও পত্রপত্রিকা রাখা হয়। দোতলায় সবগুলো শ্রেণিকক্ষ। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ এবং দুদিকে দুটি ছোট বাগান আছে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছাত্রদের কোলাহলে মুখর হয়ে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রায় তিন হাজার ছাত্রছাত্রী ও ১৩৫ জন শিক্ষক আছেন এ বিদ্যালয়ে। শিক্ষকেরা আমাদের যত্ন নিয়ে পড়ান ও ভালোবাসেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা খুবই আন্তরিক। আমাদের শিক্ষাদানের জন্য তাঁরা আপ্রাণ কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের বিদ্যালয়কে যেমন ভালোবাসি ঠিক তেমন ভালোবাসি আমাদের শিক্ষকদেরও।

আমাদের গ্রাম
আমাদের গ্রামের নাম কালামপুর। গ্রামটি ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী। আমাদের গ্রামটি ছবির মতো। আম, জাম, কাঁঠাল, বট, পাকুড়গাছ আর বাঁশঝাড়ের নিবিড় ছায়ায় ঢাকা গ্রামের ঘরগুলো। আর আছে জারুল, কনকচাঁপা, কদম, শিউলি, ছাতিম, বকুল, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, ইত্যাদি ফুলের গাছ। প্রতিটি মৌসুমে নানা রকম ফুলে রঙিন হয়ে থাকে আমাদের গ্রাম। এ গ্রামের মানুষগুলোও সুন্দর। তারা কেউ কলহ পছন্দ করে না। আমাদের গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। এখানে আছে নানা পেশার, নানা ধর্মের মানুষ। কেউ কৃষিকাজ করেন, কেউ ব্যবসা, কেউ চাকরি। ঈদ, পূজা, বড়দিনে আর নববর্ষ উত্সবে মেতে ওঠে পুরো গ্রাম। আমাদের গ্রামে একটি বাজার, তিনটি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা আছে। প্রতি সপ্তাহে গ্রামে সোম ও বৃহস্পতিবার হাট বসে। প্রতি বৈশাখে হয় বৈশাখী মেলা। প্রতি ঈদে এখানে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানের। গ্রামের মাঠে মাঠে ফলে প্রচুর ধান, পাট, গম, মসুর, সরিষা, আখ ইত্যাদি। গ্রাম আমাদের বেঁচে থাকার একমাত্র চাবি, তাই আমরা গ্রামকে মায়ের মতোই ভালোবাসি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা