বাংলা ২য় পত্র

ভাব-সম্প্রসারণ 

প্রিয় শিক্ষার্থী, ভাবসম্প্রসারণ তিন প্যারা করে লেখাই ভালো। ভাবসম্প্রসারণগুলো মূল বইয়ের অনুসরণে লেখা হয়েছে।

৯।

লোভে পাপ পাপে মৃত্যু।

লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে। মানুষের বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে। তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে।  লোভের মোহে সে সত্য-মিথ্যা, ভালো-মন্দ সব বিসর্জন দেয়। সে পাপের পথে ধাবিত হয়। নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে। ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম।

জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। লোভ নামক জঘন্য প্রবৃত্তির কারণেই মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয়। যা তাকে ধ্বংসের শেষ সীমায় উপনীত করে। জীবনকে সুন্দর, অর্থবহ, কল্যাণময়ী ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করাই শ্রেয়।

১০।

একতাই বল।

একতা মানুষের মধ্যে মহাশক্তির সঞ্চয় ঘটায়, পক্ষান্তরে অনৈক্য ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনে।

মানুষ পারিবারিক জীব। পরিবারের প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। এই পরস্পরের ওপর নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানবসমাজ; মানুষের একতাবোধ। মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের মধ্যে জীবন যাপন করতে হয়। তার শত্রুর শেষে নেই। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির।

একতাবদ্ধ জীবনে আছে নিরাপত্তার নিশ্চয়তা। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পদানত করতে পারে না। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনেও। একজনে যে কাজ করতে পারে, দশজনে তার বহুগুণ কাজ করা সম্ভব। এভাবে জাতি একতার গুণে বড় হয়। আজকের বিশ্বে যারা উন্নত ও সমুদ্ধ জাতি হিসেবে পরিচিত তারা নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির উন্নতি অসম্ভব।

ব্যক্তির ক্ষেত্রে বন্ধুবান্ধবহীন নিঃসঙ্গ জীবন যেমন বিভ্রান্তিকর, তেননি একতাহীন জাতির ধ্বংস অনিবার্য। ব্যক্তিজীবনে স্বার্থে, জাতীয় জীবনের কল্যাণে এবং মানবজাতির মঙ্গলের জন্য মানুষের একতাবদ্ধ থাকা একান্ত অপরিহার্য।

ব্যক্তিজীবনের স্বার্থে, জাতীয় জীবনের কল্যাণে এবং মানবজাতির মঙ্গলের জন্য মানুষের একতাবদ্ধ থাকা একান্তই অপরিহার্য।

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা