বাংলা ২য় পত্র
তিতাস একটি নদীর নামপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ২য় পত্রের সহপাঠ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।সদানন্দ মালোর জালও নেই, নৌকাও নেই। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে। যত মাছ ধরা পড়ে, তার অর্ধেক রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। প্রতিদিনের মাছের দর নিয়ে উদ্বিগ্ন থাকে তারা, মাছ কম-বেশি ধরা পড়ার ওপর দরও ওঠানামা করে। নদীতে কাছে-দূরে যেকোনো নৌকার মাঝির কাছে তারা হাঁক দিয়ে মাছ পড়া ও তার দর জানতে চায়। বর্ষাকালজুড়ে নদী সরগরম থাকে এ রকম হাঁকডাকে। বর্ষা শেষে স্থির নদীজলের মতো বিষণ্নতা বিছিয়ে থাকে সদানন্দের মনে।ক. তিতাস কোন নদী থেকে উৎপন্ন হয়েছে?খ. ‘বাংলার বুকে জটার মতো নদীর প্যাঁচ’—ব্যাখ্যা করো।গ. সদানন্দ মালোর চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়? বুঝিয়ে দাও।ঘ. ‘জেলেদের জীবনের অর্থনৈতিক নিয়ামকগুলো ওপরের অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে’—পাঠ্য উপন্যাসের ভিত্তিতে মন্তব্যটি যাচাই করো।উত্তর: ক. তিতাস মেঘনা নদী থেকে উৎপন্ন হয়েছে।উত্তর: খ. অসংখ্য নদী বাংলাদেশকে জটার মতো ঘিরে রেখেছে।বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে রয়েছে ছোট-বড় দুই শতাধিক নদী। এসব নদী জটার মতো বাংলাদেশকে প্যাঁচ দিয়ে রেখেছে। সাদা ঢেউ তোলা জটা। কোনো মহাস্থবিরের চুম্বন-রস-সিক্ত বাংলা। তার জটাগুলো তার বুকের তারুণ্যের ওপর দিয়ে সাপ-খেলানো জটিলতার মতো নিচু এলাকার দিকে সরে পড়েছে। এসব নদী মানুষের প্রাত্যহিক জীবনের কাজে আসে।উত্তর: গ. সদানন্দ মালোর চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের সুবলের বাবা গগন মালোর চরিত্রের পরিচয় পাওয়া যায়।অনুচ্ছেদের সদানন্দ মালো আর তিতাস একটি নদীর নাম উপন্যাসের গগন মালোর জীবনচিত্র একই রকম। তারা জেলে, কিন্তু তাদের জালও নেই, নৌকাও নেই। গগন মালো সারা জীবন পরের নৌকায় জাল বেয়ে জীবিকা নির্বাহ করেছে আর সদানন্দ সারা জীবন তার বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে।গগন মালো গোকর্ণঘাটের বাসিন্দা তিতাস একটি নদীর নাম উপন্যাসের নায়ক কিশোরের বন্ধু সুবলের বাবা। কোনোকালেই গগন মালোর জাল ও নৌকা ছিল না। সারা জীবন সে পরের নৌকায় জাল বেয়ে জীবিকা নির্বাহ করেছে। তার জীবিকার উৎস তিতাস নদী। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জাল বেয়ে ভাগে যে মাছ পায়, তা দিয়ে বেঁচে থাকাই ছিল তাদের সারা জীবেনর সংগ্রাম। ফলে তার পক্ষে নিজস্ব জাল ও নৌকা করা সম্ভব হয়নি। অনুচ্ছেদের সদানন্দের জীবনেও তা-ই দেখা যায়। তারও জাল ও নৌকা ছিল না। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করেছে। যত মাছ ধরা পড়ে, তার অর্ধেক রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। সব সময় মাছের দরও ঠিকমতো পায় না। এভাবে কোনো রকমে চলে তাদের জীবন। কিন্তু নদীর পানি শুকিয়ে গেলে চরম বিপদের সঙ্গে সংগ্রাম করে তাদের বেঁচে থাকতে হয়। কাজেই সদানন্দ মালোর চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের গগন মালোর চরিত্রের পরিচয় পাওয়া যায়।প্রশ্ন: ঘ. জেলেদের অর্থনৈতিক উপার্জনের প্রধান নিয়ামত তিতাস নদী।তিতাসপাড়ের গোকর্ণঘাট গ্রামের জেলেদের অর্থনৈতিক উপার্জনের প্রধান নিয়ামক তিতাস নদী। তিতাস নদীকে কেন্দ্র করেই তাদের জীবন আবর্তিত হয়। তিতাসই তাদের জীবিকার জোগান দেয়। কিন্তু অধিকাংশ জেলেরই জাল ও নৌকা না থাকায় পরের নৌকায় কাজ করতে হয়। অনুচ্ছেদে ও তিতাস একটি নদীর নাম উপন্যাসে একই চিত্র দেখা যায়।তিতাসতীরে নিম্নবিত্ত জেলে সম্প্রদায়ের লোক বসবাস করে। তাদের ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে সুতা কাটা ও জাল বোনার সরঞ্জাম চরকি, টেকো ও তকলি তাদের বাড়িগুলো চিনিয়ে দেয়। তিতাস যেখানে ধনুকের মতো বেঁকেছে, সেখান থেকেই গোকর্ণঘাট গ্রামটির শুরু। মস্ত বড় গ্রাম। এ গ্রামের লোকদের দিনের কোলাহল নিশুতিতেও ঢাকা পড়ে না।তিতাসপাড়ের জেলেদের একমাত্র জীবিকা তিতাসের বুকে মাছ ধরা। তাদের জীবনের প্রধান অর্থনৈতিক নিয়ামক হলো জাল, নৌকা, তিতাস নদী ও জাল-নৌকার মালিক। তিতাসপাড়ের জেলেরা শীতের রাতে কেউ কাঁথার তলে ঘুমায়, কেউ জলের ওপর কাঠের নৌকায় ভাসে। মায়েরা, বোনেরা আর বউরা পুরুষ মালোদের কাকডাকা ভোরে জাগিয়ে তোলে। ঘুম ঘুম চোখে তারা জাল ও নৌকা নিয়ে তিতাসের বুক চিরে অগ্রসর হয়। তিতাস তাদের জাল ও নৌকা ভরে দেয় রুপালি মাছ। এ মাছ মালোরা বাজারে বিক্রি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে। এভাবেই চলে তাদের নিত্যদিনের জীবন-জীবিকা। তবে তাদের মধ্যে যারা একটু সংগতিপন্ন, তাদের কথা আলাদা। দরিদ্র মালোরা নিয়ন্ত্রিত হয় তাদের জাল ও নৌকা দিয়ে। যাদের জাল ও নৌকায় মাছ ধরে, তারা মালোদের ঠকায়। ওপরের অনুচ্ছেদেও এর প্রতিফলন দেখা যায়। সদানন্দ মালোর জালও নেই, নৌকাও নেই। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে। যত মাছ ধরা পড়ে, তার অর্ধেক মাঝি রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে তাদের দুর্দশার শেষ থাকে না। উপন্যাসে গগন মালোর কোনো দিনই জাল ও নৌকা ছিল না। পরের নৌকায় মাছ ধরে কোনো রকমে জীবিকা চালায় সে। তাই ওপরের অনুচ্ছেদে প্রতিফলিত মন্তব্যটি পাঠ্য উপন্যাসের ভিত্তিতে যথার্থ হয়েছে।