বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।

প্রশ্ন: একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে স্কুল/কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন প্রণয়ন করো।
বরাবর
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
বিষয়: কলেজ আয়োজিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন।
সূত্র: বিএনএমপিসি, ২০/২০১৪ (ক)
জনাব,
সম্প্রতি সমাপ্ত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন পেশে আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদন উপস্থাপন করছি।
কলেজে মহান একুশে উদ্যাপিত
মহান একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয় সকাল ৭টায় প্রভাতফেরির মাধ্যমে। খুব ভোর থেকেই কলেজের আশপাশের ছাত্রছাত্রীরা খালি পায়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়। তাদের সঙ্গে যোগদান করেন শিক্ষকেরা। কলেজ মাঠের পূর্ব প্রান্তে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের খালি পায়ে শোভাযাত্রা শুরু হলে সবার কণ্ঠে অনুরণিত হয় একুশে ফেব্রুয়ারির অমর গান: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ খালি পায়ে হাঁটার কারণে শোভাযাত্রা এক ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে। শহীদ মিনারের পাদদেশে শোভযাত্রা উপনীত হলে অধ্যক্ষ প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ফুলের তোড়া শহীদ মিনারে অর্পণ করে।
শহীদ দিবসের পরবর্তী কর্মসূচি ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। শহীদ মিনারের বেদিমূলে সবুজ ঘাসের গালিচার ওপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথমে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিগণের কবিতা থেকে নির্বাচিত কবিতাবলি আবৃত্তি করে কলেজের শিক্ষার্থীরা। পরে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনানো হয়। শিক্ষার্থীরাই ছিল এ পর্যায়ে কবিতা রচয়িতা ও আবৃত্তিকার। আবৃত্তি শেষে শুরু হয় দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান। কলেজের শিল্পীরা এতে অংশ নেন।
বিকেলবেলায় আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি সৈয়দ শামসুল হক। কলেজের দুজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী একুশের ওপর আলোচনা করে। আলোচনার শেষে ছিল পুরস্কার বিতরণ পর্ব। একুশে উপলক্ষে সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ এবং প্রধান অতিথি। এ পর্যায়ের দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালায় শিক্ষার্থীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করে। মহান ভাষা আন্দোলনের যে চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, তা বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উত্স হিসেবে ধরা দেয় এ অনুষ্ঠানের মাধ্যমে।

প্রতিবেদকের নাম ও ঠিকানা: মুশফিক
৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রতিবেদনের শিরোনাম: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে মহান একুশে উদ্যাপিত।
প্রতিবেদন তৈরির সময়: রাত ৮টা
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০১৪।

প্রেরক
মুশফিক
৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ,
রোল নং: ২৭
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রাপক ডাকটিকিট
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবার
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা