বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।

প্রশ্ন: নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে কোনো বিশেষ এলাকার তথ্যানুসন্ধানসংবলিত একটি প্রতিবেদন রচনা করো।
বরাবর
পরিচালক,
গণশিক্ষা কার্যক্রম,
প্রগতি কেন্দ্র, ধামরাই, ঢাকা।
বিষয়: নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে একটি বিশেষ এলাকার প্রতিবেদন।
আদেশ নম্বর: গ, শ, ক/০২/০৪/২০১৪)
জনাব,
আপনার আদেশপ্রাপ্ত হয়ে (আদেশ নম্বর: গ, শ, ক/০২/০৪/২০১৪) ঢাকা জেলার ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামের নিরক্ষরতা দূরীকরণ-সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করছি।
শিমুলতলি গ্রামের নিরক্ষরতা দূরীকরণ
শিমুলতলি গ্রামটি দুই বর্গকিলোমিটার এলাকার একটি ছোট গ্রাম। তবে গ্রামটি ঘনবসতিপূর্ণ এবং এখানে সাক্ষরতার হার খুব কম। শহর থেকে দূরে অবস্থিত গ্রামটি উন্নয়নের সুযোগ থেকেও বঞ্চিত। গ্রাম থেকে নিরক্ষরতা দূর করা সম্ভব না হলে এখানকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। সে জন্য নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা যায়।
সাক্ষরতা সম্প্রসারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষা সম্পর্কে সচেতনতা। শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রামের লোকদের অবহিত করতে হবে। এ ব্যাপারে গ্রামের শিক্ষিত লোকেরা দায়িত্ব নিতে পারেন।
গণশিক্ষার জন্য গণশিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। এর জন্য গ্রামের বিত্তবান ব্যক্তিদের বাড়ির বৈঠকখানা সাময়িকভাবে ব্যবহার করা যেতে পারে। নিরক্ষর নারীরা বিকালবেলায় সেখানে সমবেত হয়ে সাক্ষরতার পাঠ গ্রহণ করবেন। নিরক্ষর পুরুষরা সন্ধ্যার পর পাঠ নেবেন। গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকের দায়িত্ব পালন করবে স্কুল-কলেজে পড়ছে এমন ছাত্রছাত্রী। তারা অবসর সময়ে বা ছুটির দিনে গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার কাজ করবে। গ্রামের যে কজন শিক্ষিত লোক আছেন, তাঁরাও এ দায়িত্ব পালন করতে পারেন। তবে শিক্ষকতার কাজটি হবে স্বেচ্ছামূলক এবং এতে কোনো সম্মানী থাকবে না। গণশিক্ষা কেন্দ্রের মাধ্যমে স্বল্পসময়ে সাক্ষরতার প্রসার ঘটাতে হবে। বর্তমানে বিভিন্ন সংস্থা গণশিক্ষার ওপর কাজ করছে। তাদের উদ্ভাবিত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
সাক্ষরতার প্রসারের সঙ্গে সঙ্গে নব্য সাক্ষরদের চর্চা অব্যাহত রাখার ব্যবস্থাও করতে হবে। শিক্ষার পাশাপাশি জনগণকে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ করে দিতে হবে। তাহলে সাক্ষরতার সার্থকতা সম্পর্কে জনগণ অবহিত হতে পারবে। গ্রামীণ জীবনের উন্নয়নের জন্য সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা এ গ্রামেও সম্প্রসারণ করা দরকার। কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি, জনসংখ্যা সমস্যা ইত্যাদি সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আর্থিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ত করা দরকার।
শিক্ষার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সকলের। আমাদের জীবনের অনগ্রসরতা দূর করার জন্যও দরকার শিক্ষার। গ্রামের লোকদের শিক্ষিত করে তোলার যে প্রচেষ্টা আজ সারা দেশে পরিচালিত হচ্ছে, তার সুফল এ প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে দিতে হবে।
ওপরের সুপারিশ করা পদ্ধতি অবলম্বন করলে স্বল্পসময়ের মধ্যে গ্রাম থেকে নিরক্ষরতা দূর করা সম্ভব হবে।
প্রতিবেদকের নাম ও ঠিকানা: ফারদিন হোসেন, মাঠকর্মী, গণশিক্ষা প্রগতি কেন্দ্র, ধামরাই, ঢাকা
প্রতিবেদনের শিরোনাম: নিরক্ষরতার দূরীকরণের লক্ষ্যে একটি বিশেষ এলাকার প্রতিবেদন।
প্রতিবেদন তৈরির সময়: সকাল ১০টা
তারিখ: ১০/০৪/২০১৪
প্রেরক
ফারদিন হোসেন
মাঠকর্মী, গণশিক্ষা কেন্দ্র, প্রগতি কেন্দ্র, ধামরাই, ঢাকা
ডাকটিকিট
প্রাপক
পরিচালক
গণশিক্ষা কার্যক্রম,
প্রগতি কেন্দ্র
ধামরাই, ঢাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা