প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: ‘হরতালকবলিত শহর’ শিরোনামে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো।
বরাবর
জেলা প্রশাসক
যশোর।
বিষয়: হরতালে যশোর শহরের পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন।
সূত্র: ক.গ/০২/০৪/২০১৪
জনাব,
গত ৫ জানুয়ারি বিরোধী দল যশোর শহরে হরতাল আহ্বান করে। আপনার আদেশ অনুসারে হরতাল চলাকালে শহরের পরিস্থিতি সম্পর্কে নিচের প্রতিবেদনটি পেশ করছি।
হরতালকবলিত শহর
গত ৫ জানুয়ারি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা হরতাল পালিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দল এ হরতালের ডাক দেয় এবং তার সঙ্গে সমমনা কয়েকটি রাজনৈতিক দল সমর্থন জানিয়ে হরতালে যোগ দেয়। প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনগুলো হরতাল সফল করে তোলার জন্য পথসভা ও মশাল মিছিলের আয়োজন করে।
ওই দিন রাস্তায় রাস্তায় পিকেটারদের ব্যাপক তত্পরতার জন্য কোনো যানবাহন চলাচল করতে পারেনি। তবে সাধারণ মানুষের বাহন রিকশা পুরোপুরি চালু ছিল। শহরের দোকানপাট বন্ধ ছিল। তবে ওষুধের দোকান, খাবারের দোকান ও কাঁচাবাজার যথারীতি খোলা ছিল। বিশেষ করে হরতালকে ছুটির মতো উপভোগ্য মনে করে কাঁচাবাজারে ভিড় উপচে পড়েছিল।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রিত ছিল। শহরজুড়ে পুলিশ টহল দিয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছিল। তবে উচ্ছৃঙ্খল জনতা পুলিশের প্রতি অহেতুক ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ আত্মরক্ষার্থে মৃদু লাঠিচার্জ করেছে। তা ছাড়া জোর করে যানবাহন চলাচল বন্ধ করার সময় কিছু গোলযোগ হয়েছে। আইনশৃঙ্খলাবিরোধী কাজ করার জন্য পুলিশ ১০ জনকে আটক করেছে।
সরকারি দল বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো উসকানিমূলক আচরণ না থাকায় পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। পারস্পরিক সহনশীলতার ফলে দ্বন্দ্ব-সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
প্রতিবেদকের নাম ও ঠিকানা: শান্ত, বাঘার পাড়া, যশোর।
প্রতিবেদনের শিরোনাম: হরতাল কবলিত শহর
প্রতিবেদন তৈরির সময়: দুপুর ২টা
তারিখ: ১০/০৪/২০১৪
প্রেরক
শান্ত
বাঘার পাড়া, যশোর।
ডাকটিকিট
প্রাপক
জেলা প্রশাসক
যশোর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা