প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো।
বরাবর
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
বিষয়: কলেজ আন্তহাউস আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-সম্পর্কিত প্রতিবেদন।
সূত্র: বিএনপিসি০২/০৪/২০১৪
জনাব,
সম্প্রতি সমাপ্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ সম্পর্কে আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সারা বছর নিয়মিত লেখাপড়ার পর বার্ষিক পরীক্ষার শেষে এ প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বৈচিত্র্যপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দ লাভ করেছে, তেমনি সারা বছরের অর্জিত পুরস্কারসহ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে লাভ করায় ছাত্রছাত্রীরা অত্যন্ত উত্সাহিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বৈচিত্র্যময়। সব ধরনের শিক্ষার্থী যাতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুপ্ত মেধার বিকাশ ঘটাতে পারে, সে জন্য বিষয়গুলো ছিল এ রকম: আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, বিতর্ক, গদ্যপাঠ, পুঁথিপাঠ, হাসির গল্প বলা, ধারাবাহিক গল্প বলা, সুন্দর হস্তাক্ষর, প্রবন্ধ রচনা, স্বরচিত গল্প-কবিতা পাঠ, একক অভিনয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান ইত্যাদি। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে আগ্রহী থাকায় বাছাইয়ের মাধ্যমে সীমিতসংখ্যক প্রতিযোগীকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে মূল্যবান বই। সারা বছরের একাডেমিক পুরস্কারও এ সময়ে বিতরণ করা হয়। শ্রেণিশৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি ইত্যাদি বিষয়েও পুরস্কারের ব্যবস্থা ছিল।
বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে কলেজের ছাত্রদের মধ্যে বিপুল উত্সাহ ও উদ্দীপনা ছিল। প্রতিযোগীদের অংশগ্রহণের সংখ্যাধিক্য থেকে সহজেই তা অনুধাবন করা যায়। প্রতিযোগিতার সময় প্রতিযোগী ও সাধারণ ছাত্ররা অত্যন্ত শৃঙ্খলার পরিচয় দিয়েছে। শিক্ষকেরা শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিকভাবে তত্পর ছিলেন। ছাত্র ও শিক্ষদের পারস্পরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এবং শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শ্রেষ্ঠ প্রতিযোগীরা অংশ নেয়।
কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত উত্সাহ-উদ্দীপনার মধ্যে সমাপ্ত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম ও ঠিকানা: রিদওয়ান, ২০৪, নর্থ ছাত্রাবাস, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রতিবেদনের শিরোনাম: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপিত
প্রতিবেদন তৈরির সময়: সকাল ১০.৩০টা
তারিখ: ১০/০৪/২০১৪
প্রেরক
রিদওয়ান
৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
ডাকটিকিট
প্রাপক
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা