বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: তোমার স্কুলে/কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

বরাবর
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা।

বিষয়: বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন।
জনাব,
আপনার আদেশক্রমে (আদেশ নং বী.নূ.মো.পা.ক/২০১৪/৯০) বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি যে অনুষ্ঠান হয়ে গেল, সে সম্পর্কে আপনার সমীপে প্রতিবেদন উপস্থাপন করছি।

বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজে বাংলা নববর্ষ উদযাপিত
গত ১৪ এপ্রিল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজে বিশাল আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ-১৪২১’ উদ্যাপিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, বৈশাখী মেলা, বইমেলা, স্বরচিত কবিতাপাঠের আসর, সংগীত ও নৃত্যানুষ্ঠানের।
নববর্ষ উপলক্ষে কলেজ মাঠকে চমত্কারভাবে সজ্জিত করা হয়। কলেজের প্রবেশপথের প্রধান তোরণে ‘বাংলা নববর্ষ’ খুব বড় করে লেখা হয়, যা অনেক দূর থেকে দেখা যায়। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন। আমাদের জাতিসত্তার সঙ্গে এ উত্সবের আমেজ জড়িয়ে আছে। জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা নববর্ষ আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে বলেও প্রধান অতিথি বলেন।
বিশেষ অতিথি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উত্সব। নববর্ষের উত্সবের সঙ্গে আমাদের গৌরবময় অতীত ও ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, জীবন সুন্দর করে গড়ে তোলার প্রেরণা পাই। ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। আবেগঘন আবর্তের মধ্যে বাংলা নববর্ষ আমাদের জীবনে স্বকীয়তা ও সচেতনতা সৃষ্টি করে—আমাদের আশাবাদী জীবনে নববর্ষ সীমাহীন সম্ভাবনা নিয়ে হাজির হয়।
সভাপতি বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে আসে বিশেষ তাত্পর্য নিয়ে। শত হতাশার মধ্যেও আমাদের আশান্বিত করে। জাতীয় জীবনে নতুন চেতনার সৃষ্টি করে বলে আমরা বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নিয়ে গেয়ে উঠি ‘এসো হে বৈশাখ, এসো এসো।’
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কলেজ মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। এতে কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রীর সমাবেশ ঘটান মেলায় আসা স্টল মালিকেরা। এ ছাড়া মেলার বিভিন্ন দোকানে ছোটদের মন ভোলানো পণ্য ও নানা রকমের দেশীয় খাবারদাবার দেখা যায়। বিনোদনের নানা উপকরণ মেলাকে বেশ উপভোগ্য করে তোলে। মেলায় প্রচুর দর্শকসমাগম ঘটে।
কলেজ মাঠের এক কোণে দেখা যায় নাগরদোলায় চড়ার জন্য অনেক শিশু-কিশোর ভিড় করে আছে। বাঁশির শব্দে আর শিশুদের চিত্কারে মুখরিত হয়ে ওঠে মেলার চারপাশ। বাংলা নববর্ষ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বইমেলারও আয়োজন করা হয়। বইমেলায় বেশ কটি স্টল ছিল।
বাংলা নববর্ষ উপলক্ষে স্বরচিত কবিতাপাঠেরও আয়োজন করা হয়। এতে দেশবরেণ্য বেশ কজন কবিসহ স্থানীয় কবিরা কবিতা পাঠ করেন। এ উপলক্ষে সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়। রেডিও ও টেলিভিশনের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। নৃত্যানুষ্ঠানে বেশ কজন শিশুশিল্পী নৃত্য পরিবেশন করে। নৃত্যানুষ্ঠান দর্শকদের বেশ আনন্দ দেয়।

প্রতিবেদকের নাম ও ঠিকানা:
শাহানুর রহমান নোভা
৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রতিবেদন তৈরির শিরোনাম:
বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজে বাংলা নববর্ষ উদ্যাপিত।
প্রতিবেদন তৈরির সময়: রাত ৮টা
তারিখ: ১৫/০৪/২০১৪
প্রেরক
শাহানুর রহমান নোভা
৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ, রোল নং: ১৭,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
ডাকটিকিট

প্রাপক
অধ্যক্ষ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা