প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: তোমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্যে একটি প্রতিবেদন রচনা করো।
শোল্লা ইউনিয়নে আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতি
নিজস্ব সংবাদদাতা, নবাবগঞ্জ, ০৬/০৪/২০১৪
নবাবগঞ্জ থানা রাজধানী থেকে মাত্র ২৫ কি.মি দূরত্বে হলেও অনেকটা বাতির নিচে অন্ধকারের শামিল। কেননা, এ থানার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সৃষ্ট পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে একদল স্বার্থান্বেষী মানুষ, ফলে সমাজের সাধারণ কিছু মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
বছর কয়েক আগেও নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়ন ছিল অপরাধহীন একটি এলাকা। এলাকার মানুষ রাতে দরজা-জানালা লাগাতে ভুলে গেলেও ঘর-বাড়ি থেকে কিছু চুরি হতো না। কিন্তু ইদানীং থানা পুলিশের গাফিলতি, স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাবে খারাপ মানুষের আনাগোনা বেড়েছে।
এরা এলাকায় একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপকর্মের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এমনকি মানুষ হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটেছে। যার কারণে এলাকার মানুষ ভীত-শঙ্কিত হয়ে পড়েছে।
শোল্লা ইউনিয়ন তথা নবাবগঞ্জে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, তাতে ধারণা করা যায়, সন্ত্রাসীদের দাপটে সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে। কেননা, সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়। কখনো যদি মামলা নেয়, তাহলে মামলাকারীকে মামলা খারিজ করতে চাপ প্রয়োগসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। ফলে নিরীহ মানুষ অন্যায়ের কোনো বিচার পাচ্ছে না।
সন্ত্রাসীদের উত্পাতে এলাকার মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না। তারা দলবেঁধে রাস্তায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে টাকাপয়সা, চেইন, ঘড়ি ইত্যাদি ছিনতাই করে। আবার এসব সুযোগ না পেলে দেখা যায় মেয়েদের উত্ত্যক্ত করে। যার জন্য অনেক মেয়েই উপায়ান্তর না দেখে স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়।
কিছুদিন আগে এ গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে গ্রামটিকে একেবারে তছনছ করে দিয়েছে। আসামিরা প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এভাবে চলতে থাকলে অতীতের শান্তিপূর্ণ এ এলাকাটি অচিরেই একটি অশান্তির আখড়া হিসেবে আত্মপ্রকাশ করবে।
এ অবস্থায় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য এলাকাবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছে। যাতে প্রশাসনে চাপ প্রয়োগের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এলাকাটিতে জরুরি ভিত্তিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করে শান্তি ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা