বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।

প্রশ্ন: ঘূর্ণিঝড় উপদ্রুত একটি এলাকার বিপর্যস্ত জনজীবন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জনজীবন
রিশাদ, শরিয়তপুর
গত ৬ মার্চে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ওপর দিয়ে বয়ে যায় এক প্রচণ্ড ঘূর্ণিঝড়। হঠাত্ সন্ধ্যার দিকে শুরু হয় এ ঘূর্ণিঝড়। দেখতে না দেখতেই সবকিছু একেবারে তছনছ করে দিয়ে এলাকার ওপর দিয়ে বয়ে যায় এটি। এর সঙ্গে সমানতালে চলছিল বৃষ্টি। পুরো এলাকাকে যেন একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে এ ঘূর্ণিঝড়। হাজার হাজার কাঁচা ঘর-বাড়ি ভেঙেচুরে একাকার হয়ে গেছে। ঘর-বাড়ির নিচে অনেক মানুষ ও গৃহপালিত পশু চাপা পড়ে মারা গেছে। যারা জীবিত আছে, তাদের অনেকেরই অবস্থা ভালো নয়। কারও হাত, কারও পা ভেঙে পঙ্গু হয়ে গেছে। রাস্তার ওপর বড় বড় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গাছের সঙ্গে পেঁচিয়ে রাস্তার ওপর পড়েছে। ফলে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু জায়গায় গভীর নলকূপ উপড়ে পড়ে আছে। এ জন্য দেখা দিয়েছে পানীয় জলের সংকট। গৃহহারা মানুষের কোনো নিরাপদ আশ্রয় মিলছে না।
মানুষের মতো গৃহপালিত পশু হাঁস-মুরগি, গরু-ছাগল ইত্যাদির অবস্থাও বেহাল। ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। মানুষ ভবিষ্যতে যে খেয়ে-পরে বাঁচবে, সে আশাও নিঃশেষ করে দিয়ে গেছে এ ঘূর্ণিঝড়। দুঃখের বিষয় হলো, এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য তারা পায়নি।
পাশের গ্রামের কিছু মানুষ তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেও এ সাহায্য পর্যাপ্ত নয়। সরকারি উদ্যোগে তাদের সাহায্যের প্রয়োজন। পানীয় জলের অভাব, খাবার-দাবারের অভাব তাদের আরও বিপর্যস্ত করে তুলেছে। ঘরবাড়ির নিচে, গাছের নিচে মানুষ এবং পশুপাখির পচা মৃতদেহের দুর্গন্ধ পরিবেশকে ভারী করে ফেলেছে। এ অবস্থায় বিপর্যস্ত এ এলাকায় সাহায্যের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া অতি জরুরি।

প্রশ্ন: ‘যানজট একটি ভয়বহ সমস্যা’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
যানজট একটি ভয়াবহ সমস্যা
অমিত, ০৬/০৪/২০১৪
এ দেশের জনগণের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক শব্দ যানজট। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শহরে এ সমস্যা প্রকট। বিশেষ করে ঢাকা শহরে বেড়েই চলেছে যানজট সমস্যার তীব্রতা। বাসা থেকে বেরোনো মানেই যানজটের সম্মুখীন হওয়া। ঢাকা শহরে এ যানজট সমস্যার বেশ কয়েকটি কারণও রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও সারা বছর অতিরিক্ত রাস্তা খোঁড়াখুঁড়ি যানজটের জন্য দায়ী। তা ছাড়া রাস্তার জায়গা না রেখেই অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর ও দোকানপাট গড়ে উঠেছে। ফলে রাস্তায় যান চলাচলের জায়গার অভাবে যানজট বাড়ছে। এ ছাড়া গাড়ি চালকদের অজ্ঞতা, রিকশার আধিক্য, ট্রাফিক নিয়ন্ত্রকের উদাসীনতা, ট্রাফিক আইন মেনে না চলা, বৈদ্যুতিক সিগন্যাল না মানা, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ব্যবহা না করা ইত্যাদি বিভিন্ন কারণে শহরে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে।
যানজটের ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যার জন্য কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না। যানজটের কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না। ফলে অসংখ্য জীবনের অবসান ঘটে এবং ক্ষয়-ক্ষতি হয় কোটি কোটি টাকা, যা আমাদের মতো দরিদ্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ ভয়াবহ যানজট সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা এ সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে। সরকারকে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। শুধু সরকারের একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। জনগণকেও এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। তাহলেই ভয়াবহ এ সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা