প্রতিবেদন লিখন
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো।
প্রশ্ন: বিদ্যুত্-বিভ্রাটের কারণ ও এর প্রতিকার সম্বদ্ধে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর:
দিনে-রাতে লোডশেডিং জনজীবন বিপর্যস্ত
# অর্ণব বড়ুয়া, ঢাকা।
ক্রমগত বিদ্যুত্ ঘাটতি দেশকে ক্রমেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমবর্ধমান লোডশেডিংয়ের জাঁতাকলে পড়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। জীবনযাত্রার ভোগান্তি বাড়ছে। লেখাপড়া, কল-কারখানা, ব্যবসায়-বাণিজ্য—সর্বত্রই উত্পাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সন্ধ্যা হলেই অধিকাংশ এলাকা ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। শুধু সন্ধ্যার পর নয়, দিনেও এখন সমানে লোডশেডিং হচ্ছে। এ কারণে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। ভেপসা গরম সহ্য করে মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে বিদ্যুিনর্ভর চাষাবাদ, ব্যবসায়-বাণিজ্য আজ ধ্বংসের মুখে। ডিজেলে চালিয়ে জেনারেটরে লাখ লাখ টাকার জ্বালানির অপচয় হচ্ছে। লোডশেডিংয়ের সঙ্গে লো-ভোল্টেজের কারণে মেশিনারি জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অনেক পরিবার আজ পথে বসতে চলেছে। গত তিন মাস ধরে চরম বিদ্যুত্-সংকটের কারণে বোরো চাষ মারাত্মক ব্যাহত হচ্ছে। চাহিদার মাত্র ৪০-৫০ শতাংশ বিদ্যুত্ পাওয়া যাচ্ছে। এভাবে বিদ্যুত্-সংকট চলতে থাকলে একসময় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, তা বর্ণনাতীত। দেশবাসীর মনে প্রশ্ন, কবে শেষ হবে এ গভীর অমানিশার কাল? এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে—
বিদ্যুত্ উত্পাদনের বিকল্প উত্স হিসেবে সৌরশক্তি, তাপশক্তি, গ্যাস, কয়লা ইত্যাদিকে কাজে লাগিয়ে সহজেই বিদ্যুত্ উত্পাদনের নতুন নতুন ইউনিট উদ্ভাবন করা যেতে পারে।
বিদ্যুতের অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতার প্রয়োজন সর্বাগ্রে। আজকাল শহরের আধুনিক মার্কেটগুলোয় বিপুল পরিমাণ আলোকসজ্জা করে বিদ্যুতের অপচয় করা হচ্ছে, তা ছাড়া বিভিন্ন বিজ্ঞাপন যেমন নিয়ন সাইন, লাইটিং সাইন ইত্যাদিতেও বিদ্যুতের অপচয় লক্ষণীয়।
বিভিন্ন বাসাবাড়ি, কলকারখানায় বিদ্যুতের যেসব অবৈধ সংযোগ রয়েছে, তা বিচ্ছিন্ন করতে হবে। যথাসময়ে এবং নিয়মিত বিদ্যুত্-বিল পরিশোধ করতে হবে।
বড় কলকারখানাগুলোতে বিদ্যুত্ ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে দিতে হবে।
বেকার সমস্যা ও নানা দুরূহ সংকটে জর্জরিত এ দেশের এখন প্রয়োজন নতুন নতুন কলকারখানা স্থাপন, স্থাপিত কলকারখানাগুলোর সম্প্রসারণ ও তাদের শক্তির পূর্ণতম ব্যবহার, প্রয়োজন দেশজুড়ে একটা কর্মমুখর জোয়ার আনা। এটি সম্ভব হবে পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ হলে।
প্রশ্ন: আর্সেনিক দূষণ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো।
উত্তর:
আর্সেনিক দূষণ পরিবেশ বিপর্যয়ের আরেক নাম
# আবির, খুলনা।
গ্রামবাংলার মানুষের জীবননাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে ‘আর্সেনিক’। আর্সেনিক হলো ধূসর আভাযুক্ত সাদা রং বিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধ ধাতু বা উপধাতু। প্রকৃতিতে আর্সেনিক যৌগ আকারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
আর্সেনিক বিষাক্রান্ত রোগীর জন্য কোনো ওষুধ নেই। সীমিত সমীক্ষায় এ পর্যন্ত সারা দেশে আর্সেনিক বিষে আক্রান্ত প্রায় হাজার রোগী শনাক্ত করা গেছে। বাস্তব চিত্র আরও ভয়াবহ। আর্সেনিক কেবল ক্যানসারের মতো ভয়াবহ প্রাণঘাতী রোগই সৃষ্টি করছে না, সামাজিক জীবনেও তৈরি করছে ভয়াবহ বিপর্যয়। ভেঙে দিচ্ছে বিয়েসহ ঘরসংসার। অনেক স্থানেই অনেকটা একঘরে হয়ে যাচ্ছে আর্সেনিক আক্রান্ত রোগী। আর্সেনিক আক্রান্ত শিশু স্কুলে গিয়ে সামাজিক প্রতিকূলতার মুখে পড়ছে। যদিও আর্সেনিক ছোঁয়াচে নয়।
বাংলাদেশে আর্সেনিক দূষণের চিত্র: আর্সেনিক দূষণ বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, মেহেরপুর, চাঁইপনবাবগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, দিনাজপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ প্রভৃতি অঞ্চলের নলকূপের পানিতে আর্সেনিকের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। বিভিন্ন জরিপ থেকে অনুমান করা হয় যে দেশের প্রায় কোটি মানুষের পানীয় জলে উচ্চমাত্রার আর্সেনিক দূষণের ঝুঁকি রয়েছে। অন্য এক জরিপে বলা হয়, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রায় ৫২টি জেলার পাঁচ কোটি মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকির সম্মুখীন। বাংলাদেশের খাবার পানিতে আর্সেনিকের গ্রহণীয় মাত্রা হলো ০.০৫ মি গ্রাম/লিটার। বাংলাদেশের অনেক অঞ্চলে এ মাত্রা অনেক বেশি।
আর্সেনিকের বিষক্রিয়া ও লক্ষণ: আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির শরীরে যেসব লক্ষণ দেখা যায়, তা নিচে দেওয়া হলো।
শরীরে বা হাতের তালুতে বাদামি ছাপ পড়তে পারে; সাধারণত বুকে, পিঠে কিংবা বাহুতে স্পটেড পিগমেনটেশন দেখা যেতে পারে, যা পরবর্তীকালে ত্বকের ক্যানসারে রূপ নিতে পারে; আক্রান্ত রোগীর জিব, মাড়ি, ঠোঁট ইত্যাদিতে মিউকাস মেমব্রেন মেলানোসিসও হতে পারে; কারও কারও হাত-পায়ের চামড়া পুরু হয়ে যায়, আঙুল বেঁকে যায় এবং অসাড় হয়ে যায়। এ ছাড়া পায়ের আঙুলের মাথায় পচন ধরতে পারে।
আর্সেনিক দূষণের প্রতিকার: বাংলাদেশকে আর্সেনিক দূষণ থেকে মুক্তির উদ্দেশ্যে কয়েকটি সুপারিশ উল্লেখ করা হলো:
জাতীয় প্রতিষ্ঠান বা প্রচারমাধ্যমে আর্সেনিক সমস্যার ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য প্রচারাভিযান চালানো।
আর্সেনিক পরীক্ষার প্রয়োজনীয় জ্ঞান ও যন্ত্রপাতির ব্যবস্থা করে আর্সেনিক দূষণের সম্ভাব্য এলাকা চিহ্নিতকরণ ও পরীক্ষা করে জনগণকে সচেতন করা।
পানি আর্সেনিকমুক্ত করার লক্ষ্যে পর্যাপ্ত বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন।
গার্হস্থ্য ফিল্টার, কমিউনিটি ভিত্তিক আর্সেনিক বিশোধন প্ল্যান্ট, গভীরতর নলকূপ স্থাপন।
বৃষ্টির পানি সংরক্ষণ করে খাবার পানি হিসেবে ব্যবহার করা।
গ্রামাঞ্চলের মানুষের খাবার পানির একমাত্র ভরসা টিউবওয়েল। এ টিউবওয়েলের পানিতেই রয়েছে ঘাতক আর্সেনিক। মৃত্যুপথ নির্দেশক এ আর্সেনিক ভয়াবহতা থেকে আমাদের সচেতন থাকতে হবে এবং অবিলম্বে আর্সেনিক দূষণ রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা