বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: নিচের যে কোনো পাঁচটির উদাহরণসহ সংজ্ঞা লেখো।
মৌলিক শব্দ, যৌগিক শব্দ, যোগ্যতা, বিভক্তি, আসত্তি, যৌগিক বাক্য, ক্রিয়া বিশেষণ।
উত্তর:
মৌলিক শব্দ: যেসব শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: মা, বাবা, বই, হাত,  ইত্যাদি।
যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন: কৃ+তব্য=কর্তব্য (যা করা উচিত), বাড়ি+ওয়ালা=বাড়িওয়ালা (বাড়ির মালিক)।
যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধন বা সংগতি সাধনকে যোগ্যতা বলে। যেমন: ‘শরতে কোকিল ডাকে’ এ পদসমষ্টিতে এক পদের সঙ্গে অন্য পদের অর্থগত মিল নেই। কারণ, শরতে কোকিল ডাকে না। কিন্তু যদি বলা হয় ‘বসন্তে কোকিল ডাকে’ তবে পদগুলোর অর্থগত মিল পাওয়া যায়। যোগ্যতার অভাব হলে কোনো পদসমষ্টিকে বাক্য বলা যাবে না।

বিভক্তি: বাক্যের বিভিন্ন পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য এদের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন: ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ‘ভিক্ষুক’ পদের সঙ্গে ‘কে’ বর্ণটি যুক্ত হয়ে পদগুলোর অন্বয় সাধন করেছে। সুতরাং ‘কে’ বর্ণটি বিভক্তি।
আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে পদগুলো এমনভাবে পরস্পর সাজানো হয় যাতে করে মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: ‘ভালো কবি লিলি হক একজন সত্তর দশকের’ বললে পদবিন্যাস সঠিকভাবে না হওয়ায় মনোভাবটি প্রকাশে ব্যাহত হয়েছে। কিন্তু ‘লিলি হক সত্তর দশকের একজন ভালো কবি’ বললে পদবিন্যাস সঠিক হওয়ার কারণে এতে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, তাই বাক্যের মধ্যে আসত্তিগুণ থাকা আবশ্যক।
যৌগিক বাক্য: যে বাক্যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকে, তাকে যৌগিক বাক্য বলে। স্বাধীন বাক্যগুলো ও, এবং, কিংবা, নতুবা, কিন্তু ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত তাকে। যেমন: কামাল এবং জামাল প্রত্যহ স্কুলে যায়।
ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদে কোনো ক্রিয়াপদের গুণ, প্রকৃতি বা অবস্থা প্রকাশিত হয়, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: ‘সচকিতে’ বীবর দেখিলা সম্মুখে; উত্তরিলা ‘কাতরে’ রাবণি ইত্যাদি।
প্রশ্ন: সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর:
সমাসের সংজ্ঞা: পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে।
প্রয়োজনীয়তা: সমাসের বহুবিধ প্রয়োজনীয়তা রয়েছে। নিচে পর্যায়ক্রমে তা দেওয়া হলো:
ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাৎ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন ‘যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়’—এ বৃহৎ বাক্যটিকে সমাস সাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি, নিরন্নরা প্রতিদ্বারে ঘুরে বেড়ায়। অনুরূপ— ‘মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জমাই বাষ্প দ্বারা চালিত যানে ঢাকা গেলেন’; না বলে সংক্ষিপ্তাকারে আমরা বলতে পারি, মাস্টার সাহেবের ঘরজামাই বাষ্পযানে ঢাকা গেলেন।
নতুন শব্দ গঠন: সমাস নতুন শব্দ গঠনের একটি অভিনব পদ্ধতি। যেমন—জায়া ও পতি দুটো শব্দের মিলনে সমাসসাধিত নতুন শব্দ দম্পতি।
ভাষার শ্রুতিমধুরতা বৃদ্ধি: সমাস ভাষাকে শ্রুতিমধুর প্রাঞ্জল ও ছন্দোময় করে তোলে। যেমন—‘রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন’ না বলে, ‘রাজা সিংহাসনে বসে আছেন’ বললে বাক্যটি সুন্দর শোনায়।
বিশেষ্য ও বিশেষণ পদ গঠন: বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ সর্বদা বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেমন: ক) পীত অম্বর যাহার= পীতাম্বর (কৃষ্ণ) বিশেষণ। খ) ন অতি দীর্ঘ=নাতিদীর্ঘ (বিশেষণ)। গ) হাতে পরার ঘড়ি=হাতঘড়ি (বিশেষ্য)।
তুলনাকরণ: দুই পদের মধ্যে তুলনা বোঝাতেও সমাস ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
বিষাদ রূপ সিন্ধু=বিষাদসিন্ধু।
প্রেম রূপ দরিয়া=প্রেমদরিয়া।
সহচর শব্দ গঠন: সমাসের মাধ্যমে সহচর শব্দ গঠিত হয়। যেমন: সোনা ও রূপা=সোনারূপা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা