বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

.
.

প্রশ্ন: প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কত প্রকার ও কী কী?
উত্তর: প্রকৃতি: ক্রিয়া ও শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন: খা, পড়, ঢাকা ইত্যাদি।
প্রকৃতি দুই প্রকার। যথা: (ক) ক্রিয়া প্রকৃতি ও (খ) নাম প্রকৃতি।
প্রশ্ন: প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার কী কী?
উত্তর: প্রত্যয়: প্রকৃতির শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে। যেমন: চল + অন্ত = চলন্ত, ঢাকা + আই = ঢাকাই।
প্রত্যয় দুই প্রকার। যথা:
১. কৃত্ প্রত্যয় ও ২. তদ্ধিত প্রত্যয়
প্রশ্ন: বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা কী?
উত্তর: মানুষের ভাব প্রকাশের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। একমাত্র ভাষাই তার মনের কথাকে সুন্দর ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম। এ কাজে ভাষাকে সাহায্য করে তার শব্দসম্ভার। সে জন্য যে ভাষার শব্দ ভান্ডার যত সমৃদ্ধ, সেই ভাষার প্রকাশক্ষমতাও তত বেশি। বাংলা ভাষার শব্দ গঠনের যেসব পদ্ধতি বা নিয়ম আছে, প্রত্যয় তার মধ্যে অন্যতম। প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় প্রতিনিয়ত নতুন নতুন শব্দ সৃষ্টি করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছে। যেমন: ╓মিশ্-এর সঙ্গে ‘উক’ প্রত্যয় যুক্ত করলে গঠিত হবে ‘মিশুক’—এই নতুন শব্দটি, মেঘ শব্দের সঙ্গে ‘লা’ প্রত্যয় যোগ করলে পাওয়া যাবে ‘মেঘলা’ শব্দটি। এমনিভাবে কৃত্ ও তদ্ধিত প্রত্যয় দ্বারা নতুন নতুন শব্দ সৃষ্টি হয়ে বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে চলেছে। সুতরাং, বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার? উদাহরণ দাও।
উত্তর: সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
শ্রেণিবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: ক. খাঁটি বাংলা উপসর্গ খ. সংস্কৃত উপসর্গ ও
গ. বিদেশি উপসর্গ।
ক. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
প্রয়োগ: অ—অবহেলা, অকাজ।
কু—কুকথা, কুকাজ।
খ. সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উত্, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
প্রয়োগ: প্র—প্রচার, প্রসার।
উপ—উপদেশ, উপকার।
গ. বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।
প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল।
বদ—বদলোক, বদনাম।
প্রশ্ন: উপসর্গের প্রয়োজনীয়তা লেখ।
উত্তর: যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু ও শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তদের বলা হয় উপসর্গ।
প্রয়োজনীয়তা: শব্দভান্ডার সমৃদ্ধ হয়: উপসর্গের মাধ্যমে যেহেতু নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, ফলে ভাষার শব্দসংখ্যা বৃদ্ধি পেয়ে ভাষার শব্দভান্ডার সমৃদ্ধ হয়।
ব্যঞ্জনা বাড়ে: উপসর্গের ব্যবহারে শব্দের ভাব-ব্যঞ্জনা অনেক গুণ বেড়ে যায়। যেমন: ‘জয়’ বললে শব্দটির যতটা ভাব প্রকাশিত হয়, পক্ষান্তরে ‘বিজয়’ বললে শব্দটির আবেদন অনেকটাই বেড়ে যায়।
প্রকাশক্ষমতা: উপসর্গের ব্যবহারে ভাষার প্রকাশ ক্ষমতা বাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এ কারণেই উপসর্গের তুলনা করেছেন মাছের পাখনার সঙ্গে। পাখনার সাহায্যে মাছ যেমন ডান-বাঁয়ে বা সামনে-পেছনে চলার জন্য বিশেষ গতি লাভ করে। ঠিক তেমনি উপসর্গের মাধ্যমে শব্দ তার ব্যবহারিক ক্ষেত্রের বিস্তৃতি ঘটিয়ে থাকে।
অর্থের সম্প্রসারণ ঘটে: নির্দিষ্ট কোনো শব্দের আগে উপসর্গ যোগ করলে অনেক সময় সংশ্লিষ্ট শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটে। ফলে শব্দটির প্রচলিত অর্থের আবেদনে যোগ হয় ভিন্ন মাত্রা। যেমন: ‘তাপ’ থেকে হয় ‘প্রতাপ’ কিংবা পরিতাপ ইত্যাদি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা