বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ লিখন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের কয়েকটি অনুচ্ছেদের নমুনা দেওয়া হলো।
৩. বেগম রোকেয়া
রংপুরের পায়রাবন্ধ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক শিশুর। নাম তাঁর রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই। রোকেয়ার পড়াশোনা করার কী অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তাঁর জ্ঞানার্জন। লুকিয়ে লুকিয়েই পড়া শিখেছেন রোকেয়া। তখন মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে লেখাপড়া শিখে কিছু করতে পারে, সে কথা কেউ ভাবতেই পারত না। ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হলো। কয়েক বছর পরই স্বামী মারা গেলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই। মেয়েদের যদি উন্নতি করতে হয়, লেখাপড়া শিখতেই হবে। তাই স্বামীর নামে মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। রোকেয়া মনে করতেন, মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

৪. বাংলাদেশের পাখি
পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির অংশ। পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে চেনা যায়। পৃথিবীতে ১০ হাজার প্রজাতির প্রায় ৫০ লাখ ধরনের পাখি আছে। আর বাংলাদেশে আছে ৬৪টি প্রজাতির ৬০০ ধরনের পাখি। এর মধ্যে স্থানীয় পাখির সংখ্যা ৪০০ ধরনের, অতিথি পাখি ২০০ ধরনের। বাংলাদেশের পাখিগুলো হলো দোয়েল, চড়ুই, টুনটুনি, বুলবুলি, পানকৌড়ি, শালিক, খঞ্জন, জলময়ূর, ভালুক, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই, জলপিপি ইত্যাদি। পাখি আমাদের অনেক উপকার করে। অধিকাংশ পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ রক্ষা করে। কিছু কিছু পাখি বর্জ্য খেয়ে পরিবেশ দূষণ থেকে আমাদের বাঁচায়। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু।

৫. ফেরিওয়ালা
যে ফেরি করে জীবন চালায় সে ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে, সেই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি। প্রতিদিনই আমরা দেখি তারা পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড়চোপড় ইত্যাদি বিক্রি করে। তারা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হয়। বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব কেনা যায়। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে। অনেক ফেরিওয়ালা আবার চুড়ি, ফিতাসহ নানা ধরনের খেলনা বিক্রি করে। যাওয়া-আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। তারা আমাদের চাহিদামতো অনেক জিনিস দূর শহর থেকেও এনে দেয়। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। সমাজে যে যে কাজই করুন না কেন, তাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। সব কাজই গুরুত্বপূর্ণ। তাই ফেরিওয়ালাদের সম্মান দেখানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা