জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্দেশনা (উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০১৬ থেকে প্রযোজ্য) নিচে দেওয়া হলো।
ব্যাকরণ অংশ
১। উচ্চারণের যেকোনো ৫টি নিয়ম লিখতে হবে।
এর বিকল্পে ৮টি শব্দের মধ্যে ৫টির উচ্চারণ লিখতে হবে।
২। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতির যেকোনো ৫টি নিয়ম লিখতে হবে।
এর বিকল্পে ৮টি ভুল বানানের শব্দকে শুদ্ধ বানানে লিখতে হবে।
৩। বিভিন্ন শব্দশ্রেণি (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, যোজক, অনুসর্গ) থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।
এর বিকল্পে প্রদত্ত অনুচ্ছেদ থেকে একটি নির্দিষ্ট শব্দশ্রেণি চিহ্নিত করতে হবে।
৪। উপসর্গ, প্রত্যয় ও সমাসের মধ্যে যেকোনো ২টি পাঠ হতে প্রশ্ন থাকবে এবং ১টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নেই ৮টির মধ্যে ৫টির উত্তর দিতে হবে।
৫। বাক্যতত্ত্ব অংশ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।
এর বিকল্পে ৮টি বাক্যের মধ্যে ৫টির বাক্যান্তর করতে হবে।
৬। ৮টি অশুদ্ধ বাক্যের মধ্যে ৫টি শুদ্ধ করতে হবে।
এর বিকল্পে একটি অনুচ্ছেদে বিদ্যমান অপপ্রয়োগসমূহ শুদ্ধ করতে হবে।
নির্মিতি অংশ
১। ১৫টি বিদেশি শব্দের মধ্যে ১০টির বাংলা পারিভাষিক রূপ লিখতে হবে।
এর বিকল্পে ১টি ইংরেজি ভাষার অনুচ্ছেদকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে।
২। ঘটনাসমৃদ্ধ পুরো একটি দিনকে অবলম্বন করে একটি দিনলিপি রচনা করতে হবে অথবা কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে (দিবস উদ্যাপন, ঐতিহাসিক স্থান পরিদর্শন ইত্যাদি) অভিজ্ঞতা বর্ণনা করতে হবে।
এর বিকল্পে একটি ভাষণ বা প্রতিবেদন লিখতে হবে।
৩। একটি বিশেষ উত্সব বা উপলক্ষ (ঈদ, নববর্ষ ইত্যাদি) অবলম্বন করে ৫টি খুদে আকারের বাংলা বাক্যে একটি খুদে বার্তা বা এসএমএস রচনা করতে হবে।
এর বিকল্পে যেকোনো একপ্রকার পত্র লিখতে হবে।
৪। সারাংশ বা সারমর্ম থেকে ১টি প্রশ্ন থাকবে।
এর বিকল্পে ভাবসম্প্রসারণ থেকে ১টি প্রশ্ন থাকবে। যেকোনো ১টির উত্তর দিতে হবে।
৫। কোনো একটি বিশেষ ঘটনা বা পরিস্থিতির আলোকে নাটকের সংলাপের আকারে সংলাপ বা কথোপকথন রচনা করতে হবে।
এর বিকল্পে প্রশ্নে প্রদত্ত একটি গল্পের শিরোনাম বা দৃশ্যপট অবলম্বনে একটি খুদে গল্প রচনা করতে হবে।
৬। যেকোনো ৫টি বিষয়ের ১টি অবলম্বনে একটি প্রবন্ধ লিখতে হবে। (গতানুগতিক মুখস্থনির্ভর এবং তথ্য ভারাক্রান্ত প্রবন্ধের পরিবর্তে শিক্ষার্থীর সৃজনশীলতার প্রতিফলন ঘটবে—এমন ধরনের প্রবন্ধ লিখতে দিতে হবে)।