অনুচ্ছেদ লিখন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে অনুচ্ছেদ লিখন বিষয়টি নতুন। অনুচ্ছেদ লেখার সময় মনে রাখবে, অনুচ্ছেদে কোনো প্যারা করবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই। অনুচ্ছেদে কোনোরূপ ভূমিকা প্রয়োজন নেই।
আমাদের লোকশিল্প
লোকশিল্প যেকোনো দেশের জন্যই ঐতিহ্যের প্রতীক। দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকেই লোকশিল্প বলা হয়। বাংলাদেশের মানুষের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে লোকশিল্প। দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঢাকাই মসলিন নিয়ে আজও আমরা গর্ববোধ করি। নকশিকাঁথা আমাদের গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। এর মধ্যে ঢাকা, টাঙ্গাইল, সাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকার তাঁতশিল্প উল্লেখযোগ্য। এ ছাড়া নারায়ণগঞ্জের জামদানি, খুলনার মাদুর, সিলেটের শীতল পাটি আমাদের সবার পরিচিত। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা-পিতলের বাসনপত্র, পোড়ামাটির কলস, হাঁড়ি, পাতিল, হাতপাখা, বাঁশের তৈরি জিনিসপত্র, সানকি, ফুলদানি এবং পুতুলও লোকশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। লোকশিল্প আমাদের জাতীয় গৌরবের পরিচায়ক। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সবার।
বই পড়া
বই পড়া মানুষের প্রিয় শখ। বই মানুষের চিরন্তন বিশ্বস্ত সঙ্গী। বই মানুষের জীবনকে করে তোলে আধুনিক ও বিজ্ঞানমনস্ক। মানুষের অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে উত্কৃষ্ট হচ্ছে বই পড়া। মানুষ তাদের বিচিত্র অভিজ্ঞতা ও জ্ঞানের কথা অনাগতকালের মানুষের আনন্দ জোগানোর জন্য লিখে গেছেন বইয়ে। বই পড়ার মাধ্যমে আমরা মুহূর্তেই পরিচিত হতে পারি সেই জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে। তৈরি করে নিতে পারি আমাদের ভবিষ্যত্ চলার পথ। বই পড়ার মাধ্যমে একটি জাতির মনন নির্ভর করে তার আগামীর পথ নির্ধারণের জন্য। একটি ভালো বই মানুষের নিঃসঙ্গতা ঘোচানোর এবং নির্মল আনন্দলাভের একমাত্র উপায়। শুধু নিঃসঙ্গতা দূরীকরণ নয়, বই পড়ার মাধ্যমেই বিকাশ ঘটে সভ্যতা ও সংস্কৃতির। উন্নত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। বই মানুষকে সৃষ্টিশীল ও আনন্দপ্রিয় করে তোলে।
নবান্ন উত্সব
বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্সবের মধ্যে উল্লেখযোগ্য হলো নবান্ন উত্সব। এটা মূলত বাংলার কৃষিজীবী সমাজের ফসল কাটা ও ঘরে তোলার উত্সব। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নবান্ন উত্সব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উত্সব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উত্সব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্যাপনের প্রথা রয়েছে। নতুন চালের তৈরি খাদ্যসামগ্রী কাককে নিবেদন করা নবান্নের একটি বিশেষ লৌকিক প্রথা। একসময় বাংলার প্রতি ঘরে ঘরে যেন পিঠা-পায়েসের ধুম পড়ে যেতো। আমন্ত্রণ জানানো হতো আত্মীয়-পরিজনকে। দেশের নানা জায়গায় আয়োজন করা হতো পিঠামেলার। এ উত্সব আজকাল আর শুধু গ্রামেই হয় না; শহরেও হয়ে থকে। নবান্ন উত্সব বাংলার মানুষের কাছে এক অতি আপন সংস্কৃতি। বাঙালি মননের এক অবিচ্ছেদ্য অংশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা