বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৩ নম্বর প্রশ্নের একটি উত্তর দেওয়া হলো।

প্রশ্ন: উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়াপদের যে পদ দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়, তাকে বিশেষণ পদ বলে।
যেমন: ভালো, মন্দ, লাল, কালো, সুন্দর, মূর্খ, এক, দুই ইত্যাদি। করিম ভালো ছেলে—এ বাক্যে ‘ভালো’ পদের গুণ বোঝাচ্ছে বলে ‘ভালো’ পদটি বিশেষণ।
বিশেষণ পদ নানা রকম হতে পারে। বিশেষণকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। যেমন: নাম বিশেষণ ও ভাব বিশেষণ।
১। নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো নামপদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণ বলতে বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা বিশেষণ পদের বিশেষণ বোঝায়। যেমন: সে সবুজ জামা পরেছে, অতি উত্তম কথা—এসব বাক্যে ‘সবুজ’, ‘অতি’ নাম বিশেষণ হিসেবে ব্যবহূত হয়েছে।
নাম বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়:
ক. গুণবাচক বা অবস্থাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ কোনো গুণ বা অবস্থা প্রকাশ করে, তাকে গুণবাচক বিশেষণ বা অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন: গরম চা। সাদা পোশাক।
খ. সংখ্যাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ সংখ্যা নির্দেশ করে, তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন: এক টাকা। দুশ লোক।
গ. পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, তাকে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ বলে। যেমন: অনেক পানি। প্রচুর টাকা।
ঘ. ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ: যে বিশেষণ পদ কোনো পর্যায়ক্রমিক স্থান বা ক্রম নির্দেশ করে, তাকে ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলে। যেমন: নবম শ্রেণি, পঞ্চম দিন ইত্যাদি।
২. ভাব-বিশেষণ: যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ-গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ভাব-বিশেষণ বলে। যেমন: আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি।
ভাব-বিশেষণ আবার দুই প্রকার। যেমন:
ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণের বিশেষণ
ক. ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চলো, জিনিসটা সাবধানে রাখো।
খ. বিশেষণের বিশেষণ: যে বিশেষণ বিশেষণের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন: সে খুব আস্তে হাঁটে, সুফিয়া খুব ভালো মেয়ে।