৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-১৯
১. লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৪. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
৫. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
৭. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
উত্তর:
১. যদি লোভ পরিত্যাগ করো, তাহলে সুখে থাকবে।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৪. শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৫. মিথ্যাবাদীকে সকলেই অপছন্দ করে।
৬. মন দিয়ে লেখাপড়া করিয়ো।
৭. সকলেই কি ভুল করে?
প্রশ্ন-২০
১. হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
২. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
৪. পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
৫. পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। (নেতিবাচক)
৬. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
৭. একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
উত্তর:
১. হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
২. সকলেই দেশের সেবা করবে।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. যারা পরিশ্রমী লোক, তারাই সাফল্য লাভ করে।
৫. পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রইল না।
৬. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
৭. একলা যেতে ভয় করবে কি না জানতে চাই।
প্রশ্ন-২১
১. এ আশ্রমমৃগ, বধ করিবেন না। (অস্তিবাচক)
২. হৈমন্তী চুপ করিয়া রহিল। (নেতিবাচক)
৩. যে অন্ধ, তাকে আলো দাও। (সরল)
৪. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
৫. এতে দোষ কী? (নেতিবাচক)
৬. যদি পড়াশোনা না করো, তাহলে ভবিষ্যত্ অন্ধকার। (যৌগিক)
৭. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
উত্তর:
১. আশ্রমমৃগ, বধ করা থেকে বিরত হউন।
২. হৈমন্তী কোনো কথা কহিল না।
৩. অন্ধকে আলো দাও।
৪. ওকে চেনা অসম্ভব।
৫. এতে দোষ নেই।
৬. পড়াশোনা করো, নইলে ভবিষ্যত্ অন্ধকার।
৭. তুমি সে-ই, যাকে আমি নিতে এসেছি।
প্রশ্ন-২২
১. সে মরবে, তবুও এ কথা বলবে না। (মিশ্র)
২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
৩. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
৪. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৫. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
৬. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবাচক)
৭. সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। (জটিল)
উত্তর:
১. যদিও সে মরবে, তবুও এ কথা বলবে না।
২. রহিমের স্বাস্থ্য খারাপ।
৩. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
৪. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৫. সকলে দেশসেবা করো।
৬. তাঁর বাবা কি শৈশবে মারা যান?
৭. যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
প্রশ্ন-২৩
১. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)
৩. বরফ গলিল না। (অস্তিবাচক)
৪. ভিক্ষুককে ভিক্ষা দান করো। (জটিল)
৫. পুলিশের লোক জানিবে না। (প্রশ্নবোধক)
৬. যে ব্যক্তি পরিশ্রমী, সে-ই সুখী হয়। (সরল)
উত্তর:
১. সকলেই নীরব থাকিতেছে।
২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
৩. বরফ অগলিত রইল।
৪. যে ভিক্ষা চায়, তাকে দান করো।
৫. পুলিশের লোক জানিবে কি?
৬. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়।
প্রশ্ন-২৪
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)
২. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৩. এটা নিঃসন্দেহ যে, তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
৫. তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হাতেই ও রহিল। (সরল)
৬. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৭. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
উত্তর:
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি?
২. যারা ছাত্র, তাদের অধ্যয়নই তপস্যা।
৩. এটা সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
৫. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৬. তোমার নাম বলো।
৭. দৃশ্যটি কী সুন্দর!
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা