এসএমএস বা খুদে বার্তা
প্রিয় পরীক্ষার্থী, এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত তথ্য বিনিময় করে দৈনন্দিন কার্য সমাধা করি। এইচএসসি পরীক্ষায় ২০১৬ সাল থেকে খুদে বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বার্তা পরীক্ষার খাতায় লিখতে হলে পাঠানোর প্রক্রিয়াটি উল্লেখ করে নিলে পূর্ণাঙ্গতা পায়। নিচে কয়েকটি নমুনা এসএমএস বা খুদে বার্তা দেওয়া হলো।
১। ট্রেনের সময়সূচি জানিয়ে বন্ধুর উদ্দেশে খুদে বার্তা লেখো।
প্রেরণ পদ্ধতি: Menu > Messaging > create message > Add contact > Send
প্রিয় রবি,
তুমি নিশ্চয়ই জানো আমরা ১৭ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম যাচ্ছি। তোমার জন্য টিকিট কেনা হয়েছে। এই ট্রেন রাত ১১টায় ছেড়ে যাবে। অবশ্যই সময়মতো আসবে। মনে রেখো এই ট্রেন কখনো বিলম্বে ছাড়ে না।
ইতি তোমার
সুমন
Send╓
২। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজে গৃহীত কর্মসূচি সবাইকে অবহিত করে সহপাঠীদের খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি: Menu > Messaging > create message > Add contact > Send
প্রিয় সহপাঠীরা,
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদি। সকালে প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এ জন্য সবাইকে সকাল ছয় ঘটিকার মধ্যে কলেজে আসতে হবে। মনে রেখো প্রত্যেকের কলেজে আসা বাধ্যতামূলক।
ইতি তোমাদের
জাহিদ
Send
৩। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সবাইকে সচেতন করে একটি খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি : Menu > Messaging > create message > Add contact > Send
সুধী,
আপনারা সবাই অবগত আছেন যে ৩১ মে সারা বিশ্বে তামাকবিরোধী দিবস হিসেবে পালন করা হয়। এর অর্থ শুধু ওই দিন ধূমপানবিরোধী বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। সারা বছর সচেতন হওয়া এই দিবসের উদ্দেশ্য। ধূমপান একটি জীবনঘাতী নেশা, এই নেশা ফুসফুসের ক্যানসার তথা মৃত্যু ঘটায়। ধূমপান বর্জন করুন, সুস্থ থাকুন।
জনস্বার্থে
কাজল
Send
৪। রাস্তা পারাপারে পথচারী হিসেবে সতর্কতা অবলম্বনের জন্য তোমার বন্ধুদের খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি: Menu > Messaging > create message > Add contact > Send
বন্ধুরা,
যানজট নিয়ন্ত্রণে যেমন ট্রাফিক সিগন্যাল মেনে চলা জরুরি, তেমনি রাস্তা পারাপারে পথচারীদের কিছু নিয়ম মেনে চলা জরুরি। অন্যথায় মহাসড়কে চরম বিশৃঙ্খলাসহ দুর্ঘটনায় কারও কারও মৃত্যুও ঘটতে পারে। বিশ্বের সব উন্নত দেশে নির্দিষ্ট সিগন্যাল মেনে রাস্তা পার হতে হয়। জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ, আন্ডারপাস ছাড়া রাস্তা পার হয় না কেউ। আমাদেরও রাস্তার শৃঙ্খলার স্বার্থে নিয়ম অনুসরণ করা উচিত।
শুভেচ্ছাসহ তোমাদের বন্ধু
নয়ন
Send
৫। ধরা যাক, তুমি কোনো ব্যাংকের কর্মকর্তা। যথাসময়ে ঋণ পরিশোধের জন্য গ্রাহকদের খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি : Menu > Messaging > create message > Add contact > Send
প্রিয় গ্রাহক,
আপনি নিশ্চয়ই সচেতন আছেন যে আগামী ২০ জানুয়ারি আপনার গৃহীত ঋণ পরিশোধের শেষ কার্য দিবস। ওই সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে আপনার বন্ধকী সম্পত্তি নিলামসহ আপনি জরিমানার শিকার হতে পারেন। যথাসময়ে ঋণ পরিশোধ করুন, বিশ্বাস অর্জন করুন। প্রয়োজনে আবারও ঋণ গ্রহণ করতে পারবেন। আশা করি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
শুভেচ্ছান্তে
সুমন সরকার
সিনিয়র অফিসার, এনবিডি
Send
৬। ধরা যাক, তুমি কোনো অফিসের প্রধান সহকারী। অফিসে একটি সভা আহ্বান করা হয়েছে। সব কর্মকর্তাকে খুদে বার্তা প্রেরণ করো।
প্রেরণ পদ্ধতি : Menu > Messaging > create message > Add contact > Send
জনাব,
আপনাকে অবগত করছি যে আগামীকাল ১২ জানুয়ারি সকাল ১০টায় একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করবেন উর্বশী গ্রুপের চেয়ারম্যান মহোদয়। সভায় গ্রামীণ উন্নয়ন কর্মসূচির গ্রাহকসেবা বিষয়ে আলোচনা হবে। সেখানে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশিত। আশা করি যথাসময়ে উপস্থিত থাকবেন।
শুভেচ্ছান্তে
রানা সরকার
প্রধান সহকারী
Send
সহকারী অধ্যাপক