প্রিয় পরীক্ষার্থী, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রের ৮ (ক) নম্বর প্রশ্নটি থাকবে একটি দিনলিপি লেখার ওপর, নম্বর থাকবে ১০। আজ ৮ (ক) নম্বর প্রশ্নের নমুনা উত্তরটি লিখেছে হলিক্রস কলেজের মেধাবী শিক্ষার্থী
জয়িতা হালদার
৮ (ক) নম্বর প্রশ্ন: দিনলিপি
প্রশ্ন: ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ দিনলিপি রচনা করো।
উত্তর:
২১ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার
মোহাম্মদপুর, ঢাকা।
সময়: রাত ১২.৩০ মিনিট
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ একটি দিন। ভাষা আন্দোলনের এতগুলো বছর পরও দিনটির গুরুত্ব এতটুকু কমেনি আমাদের কাছে।
ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম শহীদ মিনারের উদ্দেশে। শহীদ মিনার প্রাঙ্গণে এসে দেখলাম মানুষের ঢল নেমেছে। সবার সঙ্গে আমিও খালি পায়ে হেঁটে শহীদ মিনারের দিকে এগিয়ে যেতে লাগলাম। সকালের সূর্যের আলো এসে পড়েছে শহীদ মিনারের ওপর। ১৯৫২ সালের এই দিনটিতে মাতৃভাষার দাবিতে রফিক, সালাম, জব্বার, বরকতরা কী অবলীলায় প্রাণদান করেছিলেন, ভাবলে অবাক লাগে। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাতি মাতৃভাষার জন্য প্রাণ বলি দিয়েছিল। সেদিন বাঙালি তরুণেরা মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য ঢাকার রাজপথে নেমেছিলেন। কিন্তু পুলিশ নির্মমভাবে গুলি চালায় তাঁদের ওপর। শহীদের বুকের রক্তে লাল হয় ঢাকার রাজপথ। এসব ভাবতে ভাবতে শহীদ মিনারের সামনে এসে পড়লাম। হাতের ফুলের তোড়াটা বেদিতে রেখে শ্রদ্ধা জানালাম শহীদদের উদ্দেশে আর সবার সঙ্গে গেয়ে উঠলাম—
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’
ফুল দেওয়া শেষে বাসায় চলে এলাম। টিভি খুলে দেখলাম, বিভিন্ন চ্যানেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। কয়েকটি অনুষ্ঠান দেখলাম।
আজ যে আমরা নিজ ভাষায় কথা বলছি, তা ভাষাশহীদদের জন্যই সম্ভব হয়েছে। তাঁরা তাঁদের জীবনের বিনিময়ে বাঙালি জাতিকে মাতৃভাষায় কথা বলার অধিকার উপহার দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। পৃথিবীর সব দেশ এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে। কিন্তু যখন দেখি তরুণ প্রজন্ম বাংলা ভাষাকে বিকৃত করছে, খুব খারাপ লাগে। রক্তের বিনিময়ে পাওয়া এই ভাষাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। সেই সব নির্ভীক ভাষাশহীদ আমাদের হূদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের উদ্দেশে বলতে চাই—
‘সালাম সালাম, হাজার সালাম
সকল শহীদ স্মরণে
আমার হূদয় রেখে যেতে চাই
তাঁদের স্মৃতির চরণে।’