বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রের ৮ (ক) নম্বর প্রশ্নটি থাকবে ‘অভিজ্ঞতা’ লেখার ওপর, নম্বর থাকবে ১০। আজ ৮ (ক) নম্বর প্রশ্নের নমুনা উত্তরটি লিখেছে ভিকারুন নিসা নূন কলেজের মেধাবী শিক্ষার্থী অবন্তি চক্রবর্তী শ্রুতি।

৮ (ক) নম্বর প্রশ্ন: অভিজ্ঞতা
প্রশ্ন: একটি সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষের অভিজ্ঞতা বর্ণনা করো।

উত্তর:
একটি সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষের অভিজ্ঞতা
জীবনের বিভিন্ন অনুভূতির সমন্বয়ে গড়ে ওঠে একেকটি অভিজ্ঞতা। কিছু অভিজ্ঞতা যেমন সুখদায়ক হয়, তেমনি কিছু অভিজ্ঞতা হয় অপ্রীতিকর, মানবজীবনে সেগুলো রেখে যায় চিরজীবনের ছাপ। এ রকমই একটি দুঃখদায়ক অভিজ্ঞতা আমার জীবনেও রয়েছে।
সেদিন আমার এক আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। রাস্তার মোড়ে নেমে ফুটপাথ দিয়ে হেঁটে বাড়ির দিকে অগ্রসর হচ্ছিলাম। রাস্তায় খুব একটা ভিড় ছিল না, যেহেতু রাত গভীর ছিল। রাস্তার পাশ ঘেঁষে রাখা ছিল বেশ কয়েকটি ভ্যান। এর পাশে ছিল বেশ কিছু বসতি। ভ্যানগুলোর ওপর শীতে কুঁকড়ে ঘুমিয়ে ছিল কয়েকজন। এর মধ্যে একজন ছিলেন বেশ বৃদ্ধ। আমি এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় কানে এল দ্রুতগতিতে এগিয়ে আসা একটি গাড়ির শব্দ। পিছে ফিরে তাকিয়ে দেখলাম, চকচকে এক দামি গাড়ি অল্প বয়সী এক যুবক টলতে টলতে চালিয়ে আসছেন। মুহূর্তের মধ্যে তা ধাক্কা দিল ঘুমন্ত বৃদ্ধের ভ্যানগাড়িকে। ভ্যান থেকে ছিটকে পড়লেন সেই ব্যক্তি। তা-ও থামল না সেই গাড়ি, কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক নিজ গাড়ির নিচে পিষে দিয়ে গেলেন বৃদ্ধকে। একটিবারও গাড়ি থামিয়ে দেখার প্রয়োজন বোধ করলেন না তিনি। গতি আরও দ্বিগুণ বাড়িয়ে চলে গেলেন। পেছনে রেখে গেলেন বৃদ্ধের রক্তাক্ত নিথর দেহ। ঘুমন্ত অবস্থায়ই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। প্রায় প্রতিদিনই এমন কত অবিবেচক বিত্তবান মানুষের ক্ষণিকের আনন্দের বলি হয়ে চূর্ণবিচুর্ণ হয় অসহায় দরিদ্রের স্বপ্ন, সম্ভাবনা ও আকাঙ্ক্ষাগুলো। সেই কয়েক মুহূর্তের ভয়াবহ ও হূদয়বিদারক অভিজ্ঞতা আমার জীবনে রেখে গেছে গভীর ছাপ। এখনো যখন সেই স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে, তখনই শিউরে ওঠে আমার দেহ। আর সেই সময়েই প্রশ্ন ওঠে আমার মনে আমাদের সমাজের তথাকথিত উচ্চশ্রেণির মানুষের বিকৃত মনুষ্যত্বের দিকে।