বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের ৪ নম্বর প্রশ্নটি থাকবে ব্যাকরণের ওপর।

প্রশ্ন: সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।

উত্তর: সমাস: ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপণ। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।

যেমন: পণ হতে মুক্ত = পণমুক্ত।

ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহূত হয়, তাকে ব্যাসবাক্য বলে।

যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য।

সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে।

যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটি সমস্যমান পদ।

সমস্ত পদ: সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে।

যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত ফেরত’ পদটি সমস্ত পদ।

সমাস সাধারণত ছয় প্রকার। যথা:

১। দ্বন্দ্ব সমাস

২। কর্মধারয় সমাস

৩। তত্পুরুষ সমাস

৪। দ্বিগু সমাস

৫। অব্যয়ীভাব সমাস ও

৬। বহুব্রীহি সমাস।

দ্বন্দ্ব সমাস: যে সমাসে কয়েক পদে সমাস হয় এবং এদের প্রতিটির অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

যেমন: গুরু ও শিষ্য = গুরুশিষ্য। দ্বন্দ্ব সমাসে ও, আর, এবং ইত্যাদি অব্যয় ব্যবহূত হয়; কিন্তু সমস্ত পদে এগুলোর বিলুপ্তি ঘটে।

কর্মধারয় সমাস: বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় ও যাতে বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালেও কর্মধারয় সমাস হয়।

যেমন: যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি, যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।

তত্পুরুষ সমাস: পূর্ব পদে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং যাতে পর পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে তত্পুরুষ সমাস বলে। 

যেমন: দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, গাছে পাকা= গাছপাকা ইত্যাদি।

দ্বিগু সমাস: পূর্বপদে সংখ্যাবাচক শব্দের সঙ্গে সমাহার বা সমষ্টি অর্থে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন: তিন কালের সমাহার = ত্রিকাল, নব রত্নের সমাহার = নবরত্ন ইত্যাদি।

অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে।

যেমন: জলের অভাব = নির্জল, কূলের সমীপে = উপকূল ইত্যাদি।

অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাত্, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।

বহুব্রীহি সমাস: যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: দশ আনন যার = দশানন। এখানে ‘দশ’ ও ‘আনন’ এই দুই পদে সমাস হয়ে ‘দশানন’ সমস্ত পদটি হয়েছে। কিন্তু ‘দশানন’ পদটি ‘দশ’ ও ‘আনন’ সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে দশ আননবিশিষ্ট (মাথা) ব্যক্তিকে বোঝাচ্ছে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা