বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় পরীক্ষার্থী, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রের ৮ (ক) নম্বর প্রশ্নটি থাকবে ‘অভিজ্ঞতা’ লেখার ওপর, নম্বর  থাকবে ১০। আজ ৮ (ক) নম্বর প্রশ্নের নমুনা উত্তরটি লিখেছে ভিকারুননিসা নূন কলেজের মেধাবী শিক্ষার্থী আইরিন আনোয়ার
৮ (ক) নম্বর প্রশ্ন: অভিজ্ঞতা
প্রশ্ন: সোনারগাঁ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর:
সোনারগাঁ ভ্রমণের অভিজ্ঞতা
ছোটবেলা থেকে ভ্রমণের নেশা আমাকে আচ্ছন্ন করে আছে। ছোটবেলা থেকে মায়ের মুখে গল্প শোনা এবং কিছুটা বড় হওয়ার পর চাকরির সুবাদে বাবার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বসবাসের কারণে প্রকৃতি আমাকে অনেক বেশি কৌতূহলী করে তোলে।
গত বছর ইতিহাসপ্রসিদ্ধ সোনারগাঁ ভ্রমণের সুযোগ আমার হয়েছিল। ছোটবেলায় বইয়ে পড়েছি বাংলার প্রখ্যাত বারো ভূঁইয়ার কাহিনি। তাঁদের একজন স্বাধীনচেতা বীর ছিলেন ঈশা খাঁ। তাঁরই অমর কীর্তি অনুসারে রাজধানী সোনারগাঁ গড়ে উঠেছিল।
সোনারগাঁয়ের প্রাকৃতিক শোভা, প্রাচীন স্থাপত্যের নিদর্শনের বিমোহিত ভাবমূর্তি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সকাল সাতটায় খাওয়াদাওয়া সেরে নয়টায় গিয়ে সেখানে পৌঁছালাম। রাস্তার পাশে ভগ্নপ্রায় বিরাট দ্বিতল ইমারত। সামনে মস্ত বড় পুকুরের পাশে গাছের সারি। সেই গাছে পাখিদের কলকাকলি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে। শানবাঁধানো ঘাটে ঘোড়ার পিঠে বীর যোদ্ধার পাথরের খোদাই করা গর্বিত প্রতিমূর্তি স্মরণ করিয়ে দেয় বাংলার অবলুপ্ত শৌর্যবীর্যের কথা।

আর একটু এগিয়ে যেতে দেখলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায় স্থাপিত বাংলার লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর। এখান থেকে শুরু ঈশা খাঁর রাজধানীর মূল ভবন। রাস্তার দুই পাশে রয়েছে অনেক পুরোনো অট্টালিকা। প্রতিটি অট্টালিকায় রয়েছে প্রাচীন যুগের স্থাপত্য নিদর্শন।

বাংলাদেশ সরকার পুরাকীর্তি সংরক্ষণ বিভাগের অধীনে সোনারগাঁয়ের ধ্বংসপ্রায় প্রাসাদগুলোকে সংস্কার ও সংরক্ষণের আওতায় এনেছে।

বাংলাদেশের পরতে পরতে যেন সৌন্দর্যের আকর ছড়িয়ে আছে। সোনারগাঁ ভ্রমণের স্মৃতি আমার মনে আজীবন সোনালি স্মৃতি হয়ে বেঁচে থাকবে।