বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের ৪ নম্বর প্রশ্নটি থাকবে ব্যাকরণের ওপর।

প্রশ্ন: সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: সমাসের সংজ্ঞা: পরস্পর অর্থসংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
প্রয়োজনীয়তা: সমাসের বহুবিধ প্রয়োজনীয়তা রয়েছে। নিচে পর্যায়ক্রমে তা দেওয়া হলো:
ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাত্ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন ‘যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়’—এ বৃহত্ বাক্যটিকে সমাসসাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি, নিরন্নরা প্রতিদ্বারে ঘুরে বেড়ায়। অনুরূপ— ‘মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জামাই বাষ্প দ্বারা চালিত যানে ঢাকা গেলেন’; না বলে সংক্ষিপ্তাকারে আমরা বলতে পারি, মাস্টার সাহেবের ঘরজামাই বাষ্পযানে ঢাকা গেলেন।
নতুন শব্দ গঠন: সমাস নতুন শব্দ গঠনের একটি অভিনব পদ্ধতি। যেমন জায়া ও পতি দুটো শব্দের মিলনে সমাসসাধিত নতুন শব্দ দম্পতি।
ভাষার শ্রুতিমধুরতা বৃদ্ধি: সমাস ভাষাকে শ্রুতিমধুর, প্রাঞ্জল ও ছন্দোময় করে তোলে। যেমন: ‘রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন’ না বলে, ‘রাজা সিংহাসনে বসে আছেন’ বললে বাক্যটি সুন্দর শোনায়।
বিশেষ্য ও বিশেষণ পদ গঠন: বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ সর্বদা বিশেষণরূপে ব্যবহূত হয়। যেমন: ক) পীত অম্বর যাহার = পীতাম্বর (কৃষ্ণ) বিশেষণ।
খ) না অতি দীর্ঘ = নাতিদীর্ঘ (বিশেষণ)।
গ) হাতে পরার ঘড়ি = হাতঘড়ি (বিশেষ্য)।
তুলনাকরণ: দুই পদের মধ্যে তুলনা বোঝাতেও সমাস ব্যবহূত হয়ে থাকে। যেমন:
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।
প্রেম রূপ দরিয়া = প্রেমদরিয়া।
সহচর শব্দ গঠন: সমাসের মাধ্যমে সহচর শব্দ গঠিত হয়। যেমন: সোনা ও রূপা = সোনারূপা।
প্রশ্ন: প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কত প্রকার ও কী কী?
উত্তর: প্রকৃতি: ক্রিয়া ও শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন: খা, পড়, ঢাকা ইত্যাদি।
প্রকৃতি দুই প্রকার। যথা:
(ক) ক্রিয়া প্রকৃতি ও
(খ) নাম প্রকৃতি।
প্রশ্ন: প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার কী কী?
উত্তর: প্রত্যয়: প্রকৃতির শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে। যেমন: চল + অন্ত = চলন্ত,
ঢাকা + আই = ঢাকাই।
প্রত্যয় দুই প্রকার। যথা:
১. কৃত্ প্রত্যয় ও ২. তদ্ধিত প্রত্যয়
কৃত্ প্রত্যয়: ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃত্ প্রত্যয় বলে। যেমন নাচ্ + অন = নাচন।
তদ্ধিত প্রত্যয়: শব্দ বা নামপ্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে, তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন ঢাকা + আই = ঢাকাই।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা