৪ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের ৪ নম্বর প্রশ্নটি থাকবে ব্যাকরণের ওপর।
প্রশ্ন: বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আছে কি?
উত্তর: বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা: মানুষের ভাব প্রকাশের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। একমাত্র ভাষাই তার মনের কথাকে সুন্দর ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম। আর এ কাজে ভাষাকে সাহায্য করে তার শব্দসম্ভার। সে জন্য যে ভাষার শব্দভান্ডার যত সমৃদ্ধ, সেই ভাষার প্রকাশক্ষমতাও তত বেশি। বাংলা ভাষার শব্দ গঠনের যেসব পদ্ধতি বা নিয়ম আছে, প্রত্যয় তার মধ্যে অন্যতম। প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় প্রতিনিয়ত নতুন নতুন শব্দ সৃষ্টি করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছে। যেমন: ‘মিশ’্-এর সঙ্গে ‘উক’ প্রত্যয় যুক্ত করলে গঠিত হবে ‘মিশুক’—এই নতুন শব্দটি। মেঘ শব্দের সঙ্গে ‘লা’ প্রত্যয় যোগ করলে পাওয়া যাবে ‘মেঘলা’ শব্দটি। এমনিভাবে কৃত্ ও তদ্ধিত প্রত্যয় দ্বারা নতুন নতুন শব্দ সৃষ্টি হয়ে বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে চলেছে। সুতরাং, বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
উত্তর: উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু ও শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
উপসর্গের শ্রেণিবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: ক) খাঁটি বাংলা উপসর্গ খ) সংস্কৃত উপসর্গ ও
গ) বিদেশি উপসর্গ।
ক) খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
প্রয়োগ: অ—অবহেলা, অকাজ।
কু—কুকথা, কুকাজ।
খ) সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উত্, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
প্রয়োগ: প্র—প্রচার, প্রসার। উপ—উপদেশ, উপকার।
গ) বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল।
বদ—বদলোক, বদনাম।
প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা কর।
উত্তর: উপসর্গ: যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু ও শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
উপসর্গের প্রয়োজনীয়তা:
শব্দভান্ডার সমৃদ্ধ হয়: উপসর্গের মাধ্যমে যেহেতু নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, ফলে ভাষার শব্দসংখ্যা বৃদ্ধি পেয়ে ভাষার শব্দভান্ডার সমৃদ্ধ হয়।
ব্যঞ্জনা বাড়ে: উপসর্গের ব্যবহারে শব্দের ভাব-ব্যঞ্জনা অনেক গুণ বেড়ে যায়। যেমন: ‘জয়’ বললে শব্দটির যতটা ভাব প্রকাশিত হয়, পক্ষান্তরে ‘বিজয়’ বললে শব্দটির আবেদন অনেকটাই বেড়ে যায়।
প্রকাশক্ষমতা বাড়ে: উপসর্গের ব্যবহারে ভাষার প্রকাশক্ষমতা বেড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এ কারণেই উপসর্গের তুলনা করেছেন মাছের পাখনার সঙ্গে। কারণ, পাখনার সাহায্যে মাছ যেমন ডান-বাঁয়ে বা সামনে-পেছনে চলার জন্য বিশেষ গতি লাভ করে, ঠিক তেমনি উপসর্গের মাধ্যমে শব্দ তার ব্যবহারিক ক্ষেত্রের বিস্তৃতি ঘটিয়ে থাকে।
অর্থের সম্প্রসারণ ঘটে: নির্দিষ্ট কোনো শব্দের আগে উপসর্গ যোগ করলে অনেক সময় সংশ্লিষ্ট শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটে। ফলে শব্দটির প্রচলিত অর্থের আবেদনে যোগ হয় ভিন্ন মাত্রা। যেমন: ‘তাপ’ থেকে হয় ‘প্রতাপ’ কিংবা পরিতাপ ইত্যাদি।
পরিভাষা সৃষ্টিতে: অনেক সময় উপসর্গের মাধ্যমে পরিভাষাও প্রণয়ন করা হয়। যেমন: Conductor—পরিবাহী, Requisition—অধিগ্রহণ ইত্যাদি উপসর্গের উপযুক্ত গুণাবলি বিবেচনা করে অনেক বৈয়াকরণিক মনে করেন, ‘উপসর্গ কেবল প্রয়োজনীয় নয়, ভাষার পক্ষে পরিহার্য।’
প্রশ্ন: ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’—আলোচনা করো।
উত্তর: উক্তিটি বিশ্লেষণ: যেসব অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহূত উপসর্গগুলোর কোনো অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহূত হলেই এদের অর্থদ্যোতকতা শক্তি দৃষ্ট হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, ‘অনা’ একটি উপসর্গ। এর নিজের কোনো অর্থ নেই। কিন্তু ‘আবাদ’ শব্দের আগে ‘অনা’ শব্দটি ব্যবহূত হয়ে ‘অনাবাদ’, অর্থাত্ ‘আবাদ নেই যার’ অর্থে ব্যবহূত হয়েছে। তেমনই এটা আচারের আগে ব্যবহূত হয়ে অনাচার (আচার বহির্ভূত অর্থে) এবং সৃষ্টির আগে ব্যবহূত হয়ে অনাসৃষ্টি (অদ্ভুত অর্থে)। এরূপে ভিন্ন ভিন্ন অর্থদ্যোতকতা সৃষ্টি করেছে।
সুতরাং, দেখা যাচ্ছে যে উপসর্গসগুলোর নিজস্ব কোনো বিশেষ অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলেই এদের অর্থদ্যোতকতা বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয়।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা