বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৩ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৩ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক?

উত্তর: বাক্য: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে বলে।

ডক্টর সুনীলকুমার মুখোপাধ্যায়ের মতে, ‘পরস্পর অর্থ সম্বন্ধবিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায়, সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে।’ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, একটি সম্পূর্ণ মনোভাব যেসব পদ দ্বারা প্রকাশ করা যায়, তাদের সমষ্টিকে বাক্য বলে।

একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক।

১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা।

আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা-ই আকাঙ্ক্ষা। যেমন: ‘চাঁদ পৃথিবীর চারিদিকে—’ বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়: ‘চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে’। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য।

আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে, যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন: কাল বিতরণী হবে উত্সব কলেজে আমাদের  পুরস্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্যের অন্তর্নিহিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। তাই এটিকে বাক্য বলা যায় না। এ ক্ষেত্রে পদগুলোকে নিম্নরূপে যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উত্সব অনুষ্ঠিত হবে। এটি একটি আসত্তি সম্পন্ন বাক্য।

যোগ্যতা: বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলনবন্ধনের যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কারণ, বাক্যটিতে পদগুলোর অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে; কারণ, রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।

প্রশ্ন: অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? আলোচনা করো।

উত্তর: অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ: অর্থ অনুসারে বাক্যকে আট ভাগে ভাগ করা হয়েছে—

নির্দেশবাচক বাক্য: কোনো ঘটনার ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। এই নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, নির্দেশাত্মক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। যেমন: সে একটি গল্পের বই পড়ছে।

প্রশ্নবোধক বাক্য: কোনো ঘটনা, ভাব বা বক্তব্য সম্পর্কে যে বাক্যে কোনো প্রশ্ন থাকে, তাকে বলা হয় প্রশ্নবোধক  বাক্য। এর অন্য নাম প্রশ্নমূলক বাক্য, প্রশ্নাত্মক বাক্য, জিজ্ঞাসাত্মক বাক্য প্রভৃতি। যেমন: তুই দাঁড় টানতে পারিস?

অনুজ্ঞাসূচক বাক্য: আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্যে প্রকাশ পায়, তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। এর অন্য নাম আজ্ঞাসূচক বাক্য, আজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাবোধক বাক্য, আদেশসূচক বাক্য প্রভৃতি। যেমন: তোমার ঘোমটা খুলে দাও। তোমার নয়ন তুলে চাও।

প্রার্থনাসূচক বাক্য: যে বাক্যের মাধ্যমে কোনো প্রার্থনা প্রকাশ পায়, তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। এর অন্য নাম প্রার্থনামূলক বাক্য। যেমন: অন্ধজনে দেহ আলো।

কার্যকারণাত্মক বাক্য: কারণ, নিয়ম, শর্ত স্বীকৃতি সংকেত প্রভৃতি যে বাক্যে দ্যোতিত হয়, তাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। এ ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক বাক্য, শর্তসাপেক্ষ বাক্য প্রভৃতি। যেমন: মন দিয়ে না পড়লে পাস করা যায় না।

সন্দেহবোধক বাক্য: নির্দেশবাচক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সংশয়, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদির ভাব থাকলে তাকে বলা হয় সন্দেহবোধক বাক্য। এর অন্য নাম সন্দেহাত্মক বাক্য, সন্দেহ প্রকাশক বাক্য, সন্দেহদ্যোতক বাক্য, সংশয়সূচক বাক্য প্রভৃতি। যেমন: হয়তো সে চাকরিটি পাবে।

বিস্ময়সূচক বাক্য: হর্ষ, বিস্ময়, দুঃখ, শোক, কাতরতা, করুণা, প্রশংসা ইত্যাদির মনোভাব আবেগ বা উচ্ছ্বাসের আকস্মিকতা নিয়ে যে বাক্যে প্রকাশ পায়, তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্যে। এর অন্য নাম বিস্ময়বোধক বাক্য,  বিস্ময়াদিবোধক বাক্য, আবেগবোধক বাক্য, আবেগসূচক বাক্য, উচ্ছ্বাসাত্মক বাক্য প্রভৃতি। যেমন: কুয়াকাটার সমুদ্র-দৃশ্য কী আশ্চর্য সুন্দর!

ইচ্ছাবোধক বাক্য: যে বাক্যে মনের কোনো ইচ্ছা প্রকাশিত হয়, তাকে ইচ্ছাবোধক বাক্য বলে। এর অন্য নাম ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছামূলক বাক্য, বাসনা-কামসূচক বাক্য প্রভৃতি। যেমন: সে যেন আসে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা