বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সংলাপ

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে ১১(ক) নম্বর প্রশ্ন অর্থাত্ সংলাপ নিয়ে কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: দুই অন্ধ ব্যক্তির সংলাপ

অন্ধ ব্যক্তি ১: কী ভাই! কেমন আছ?

অন্ধ ব্যক্তি ২: কেমন আর থাকব বলো।

অন্ধ ব্যক্তি ১: কেন কী হয়েছে?

অন্ধ ব্যক্তি ২: কী আর হবে। চোখে দেখতে পারি না বলে আজ আমরা কত অসহায়।

অন্ধ ব্যক্তি ১: তা ঠিক বলেছ। বিধাতা চোখ দিয়েছেন বটে কিন্তু দৃষ্টিশক্তি না থাকার কারণে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত।

অন্ধ ব্যক্তি ২: শুধু সৌন্দর্য উপভোগ থেকে নয়, জীবনের অনেক কিছু থেকে আমরা অনেক পিছিয়ে।

অন্ধ ব্যক্তি ১: দৃষ্টিশক্তি না থাকার কারণে আজ আমরা না পারছি লেখাপড়া করতে, না পারছি কোনো ভালো চাকরি বা কাজ করতে।

অন্ধ ব্যক্তি ২: যদিও সরকার অন্ধদের লেখাপড়া শেখানোর জন্য ভিন্ন রকম শিক্ষাপদ্ধতি চালু করেছে, তারপরও অনেকে সে সুযোগ থেকে বঞ্চিত।

অন্ধ ব্যক্তি ১: চাকরির ক্ষেত্রে একই অবস্থা। কিছু সরকারি সংস্থা এবং এনজিও অন্ধলোকের কাজ করে জীবিকা অর্জনের সুযোগ করে দিচ্ছে। কিন্তু সবার কপালে তো আর সে সুযোগ জোটে না।

অন্ধ ব্যক্তি ২: ঠিক বলেছ ভাই। আমাদের মতো না জানি আরও কত অন্ধ মানুষ এমন কষ্ট করে দিন যাপন করছে।

অন্ধ ব্যক্তি ১: পরিবারের প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে, সেগুলো ঠিকভাবে পূরণ না করতে পারার জন্য আজ আমাদের অনেকেই পরিবারের কাছে বোঝা হয়ে আছে।

অন্ধ ব্যক্তি ২: যদি কোনো উত্পাদনমুখী কাজে নিজেদের নিযুক্ত করার মাধ্যমে আমরা আর্থিক উপার্জনে সক্ষম হতে পারি, তবে আমরা নিজেরা যেমন উপকৃত হব, তেমনি দেশ ও সমাজ উপকৃত হবে।

অন্ধ ব্যক্তি ১: কিন্তু এর জন্য সরকারকে আরও বেশি সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে এবং সমাজের সবাইকে এ ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা প্রদান করতে হবে।

অন্ধ ব্যক্তি ২: তবেই আমরা দেশ ও জাতির জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারব এবং স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারব।

অন্ধ ব্যক্তি ১: আজ এ পর্যন্ত।

অন্ধ ব্যক্তি ২: ঠিক আছে। আশা করি খুব জলদিই আবার তোমার সঙ্গে দেখা হবে।

প্রশ্ন: পাখিশিকারি ও পথচারীর সংলাপ

পথচারী: ভাই, আপনি এখানে কিছু খোঁজার জন্য এসেছেন?

পাখিশিকারি: হ্যাঁ, এখানে পাখির সন্ধানে এসেছিলাম।

পথচারী: পাখির সন্ধানে বলতে?

পাখিশিকারি: পাখির সন্ধানে বলতে, বনের দিকে পাখি শিকারে যাচ্ছি।

পথচারী: পাখি শিকার তো সরকারিভাবে নিষিদ্ধ। আপনি কি তা জানেন না?

পাখিশিকারি: সরকারিভাবে তো অনেক কিছুই নিষিদ্ধ। সব কি আর মেনে চলা সম্ভব?

পথচারী: কেন মেনে চলা সম্ভব নয়? আমরা এই দেশের নাগরিক। আর নাগরিক হয়ে এই দেশের সব আইন মেনে চলা আমাদের কর্তব্য।

পাখিশিকারি: পাখি শিকারের যে আনন্দ, তা আর কোথাও পাওয়া সম্ভব নয়।

পথচারী: শীতের পাখি তো আমাদের দেশের অতিথি। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের অবদান অপরিসীম।

পাখিশিকারি: তা সবই আমার জানা।

পথচারী: এসব  জানা সত্ত্বেও কেন আপনি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করতে চাচ্ছেন?

পাখিশিকারি: ক্ষমা করবেন ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি।

পথচারী: ধন্যবাদ, আপনার ভুল বুঝতে পারার জন্য। এভাবে আমরা সবাই সচেতন হলে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য বজায় থাকবে।

পাখিশিকারি: কথাটা সত্য। এভাবে আমাদের দেশের অতিথি পাখি যদি আমরা শিকার করি, তাহলে প্রাকৃতিক ভারসাম্যের ওপর প্রভাব পড়বে।

পথচারী: অতিথি পাখি শিকার বন্ধ না করলে একপর্যায়ে আমাদের দেশে অতিথি পাখির আগমন বন্ধ হয়ে যাবে।

পাখিশিকারি: এভাবে আমাদের সবার সচেতনতায় অতিথি পাখি রক্ষায় সফল হব।

পথচারী: আজ এ পর্যন্তই। আবার দেখা হবে।

পাখিশিকারি: ধন্যবাদ।

পথচারী: আপনাকেও ধন্যবাদ।

সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা