বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* অনুচ্ছেদ রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব।
অনুচ্ছেদ: মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি হলো অনুচ্ছেদ। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে।
অনুচ্ছেদ লেখা বা রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন—১. একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। বাইরের কোনো কথা বা তথ্য লেখা যাবে না। ২. সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে। ৩. অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না। ৪. সাধু বা চলিত ভাষার যেকোনো একটি রীতিতে অনুচ্ছেদটি রচনা করতে হবে। ৫. একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। ৬. যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

* নিচে কয়েকটি অনুচ্ছেদের নমুনা দেওয়া হলো।

১. জাতীয় পাখি দোয়েল
দোয়েল একটি ছোট্ট পাখি। পালকগুলো সাদা-কালো। লেজ ঊর্ধ্বমুখী। লোকালয়ে আর অগভীর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায়। ঝোপ-ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকফোকরে থাকে। খুব কম পাখিই দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে। নরম সুরে শিস দেয়। বসে থাকে গাছের উঁচু ডালে। মাঝেমধ্যে মধুর সুরে গানের তালে তালে লেজ নাচায়। সাদা-কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার ওপরে চওড়া টানা দাগ। এর লেজ বেশ লম্বা। এরা গাছের শিকড়-বাকড় দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে তিন থেকে পাঁচটি। বিভিন্ন ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাবার। দোয়েল আমাদের জাতীয় পাখি।

২. বাংলাদেশের পাখি
পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির অংশ। পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে চেনা যায়। বাংলাদেশে আছে ৬৪টি প্রজাতির ৬০০ পাখি। এর মধ্যে স্থানীয় পাখির সংখ্যা ৪০০, অতিথি পাখি ২০০। বাংলাদেশের পাখিগুলো হলো দোয়েল, চড়ুই, টুনটুনি, বুলবুলি, পানকৌড়ি, শালিক, খঞ্জন, জলময়ূর, ভালুক, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই প্রভৃতি। পাখি আমাদের অনেক উপকার করে। অধিকাংশ পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ রক্ষা করে। কিছু কিছু পাখি বর্জ্য খেয়ে পরিবেশদূষণ থেকে আমাদের বাঁচায়। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু।

৩. বেগম রোকেয়া
রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক শিশুর। নাম তাঁর রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই। তাঁর পড়াশোনা করার কী অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তাঁর জ্ঞানার্জন। লুকিয়ে লুকিয়েই পড়া শিখেছেন তিনি। তখন মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে লেখাপড়া শিখে কিছু করতে পারে—সে কথা কেউ ভাবতেই পারত না। ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হলো। কয়েক বছর পরই স্বামী মারা গেলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই। মেয়েদের যদি উন্নতি করতে হয়, লেখাপড়া শিখতেই হবে। তাই স্বামীর নামে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। রোকেয়া মনে করতেন, মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা