অনুচ্ছেদ রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব।
৪. ছবি আঁঁকা
মানুষ ভাবতে ভালোবাসে। মানুষের মনে যে ভাবনাগুলো খেলা করে, তার শিল্পময় প্রকাশই ছবি আঁঁকা। কে কখন ছবি আঁঁকা শুরু করেছিলেন, তা বলা মুশকিল। তবে মানুষের আঁঁকা সবচেয়ে পুরোনো ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিষ্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁঁকা ছবির সন্ধান মেলে। যেকোনো মানুষই ছবি আঁঁকে। এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনো দিন ছবি আঁঁকেনি। কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে—এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁঁকতে আঁঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায়, তখন জীবনে ছবি আঁঁকা ছাড়া আর কিছু ভাবতে পারেন না। ছবি আঁঁকা নিয়েই তাঁদের স্বপ্ন, ছবি আঁঁকাই তাঁদের পেশা হয়ে যায়। তাঁরা আপন প্রতিভার প্রকাশ ঘটান ছবি আঁঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। তাঁরা কালকে অতিক্রম করেছেন। ছবি আঁঁকাই তাঁদের পৃথিবীতে অমরত্ব দান করেছে।
৫. ফেরিওয়ালা
যিনি ফেরি করে জীবন চালান তিনি ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে যিনি জীবিকা নির্বাহ করেন, তিনিই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি। প্রতিদিনই আমরা দেখি তাঁরা পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড়চোপড় ইত্যাদি বিক্রি করেন। তাঁরা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হন। বাজারের চেয়ে কম দামে তাঁদের কাছ থেকে এসব কেনা যায়। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে নানা ধরনের গান গেয়ে তাঁরা ক্রেতার মন জয় করার চেষ্টা করেন। অনেক ফেরিওয়ালা আবার চুড়ি, ফিতাসহ নানা ধরনের খেলনা বিক্রি করেন। যাওয়া-আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্কও গড়ে তোলেন। তাঁরা আমাদের চাহিদামতো অনেক জিনিস দূর শহর থেকেও এনে দেন। এভাবে তাঁরা আমাদের সময় ও শ্রম বাঁচান। সমাজে যে যে কাজই করুন না কেন, তাঁকে ছোট করে দেখার কোনো কারণ নেই। সব কাজই গুরুত্বপূর্ণ। তাই ফেরিওয়ালাদের সম্মান দেখানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
৬. শীতের পিঠা
ষড়ঋতুর দেশ এই বাংলাদেশ। শীতকাল এর মধ্যে অন্যতম একটি ঋতু। শীতকালে নতুন ধান ওঠে। সেই ধানে ঘরে ঘরে পিঠা বানানোর উত্সব শুরু হয়। নতুন চালের গুঁড়া আর খেজুরের রসের গুড় দিয়ে বানানো হয় নানা রকম পিঠা। এগুলোর নানা নাম, নানা রূপের বাহার। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা ছাড়া আরও হরেক রকম পিঠা তৈরি হয় বাংলার ঘরে ঘরে। পায়েস, ক্ষীর ইত্যাদি মুখরোচক খাবার আমাদের রসনাকে তৃপ্ত করে শীতকালে। এ সময় শহর থেকে অনেকেই গ্রামে যান পিঠা খেতে। তখন গ্রামের বাড়িগুলো নতুন অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে। শীতের সকালে চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। গ্রামের মতো শহরে শীতের পিঠা সে রকম তৈরি হয় না। তবে শহরের রাস্তাঘাটে শীতকালে ভাপা ও চিতই পিঠা বানিয়ে বিক্রি করা হয়। এ ছাড়া অনেক বড় বড় হোটেলে পিঠা উত্সব হয়। পিঠা বাঙালি সংস্কৃতির একটি অন্যতম উপাদান। আর শীতের পিঠা আমাদের খাদ্যতালিকায় এনেছে বৈচিত্র্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা