অনুচ্ছেদ রচনা
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের অনুচ্ছেদ রচনা দেওয়া হলো।
আমার দেখা নদী
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের অসংখ্য নদ-নদীর মধ্যে বৃহত্তম একটি নদী পদ্মা। এই পদ্মা ছোটবেলায় আমার দেখা প্রথম নদী। এর উত্তাল ঢেউ মনে আনন্দের জোয়ার আনে। এই নদীর বুকে ভেসে চলে নানা রঙের পালতোলা নৌকা। এসব নৌকায় মাঝি গান গায়। মাঝিদের গাওয়া গানে থাকে সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কত কথা। পড়ন্ত বিকেলে পদ্মার সৌন্দর্য মনকে এতটাই বিমোহিত করে যে অজান্তেই মন কবি হয়ে ওঠে। উত্তাল পদ্মা রাতের বেলায় যেন আরও বেশি ব্যস্ত হয়ে ওঠে। নৌকা ও ট্রলারে আলো জ্বালিয়ে জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়ে। জলের বুকে আলোকময় নৌকা ও ট্রলারের সারি যেন পদ্মার রূপকে বাড়িয়ে তোলে অনেক গুণ। তীর থেকে রাতের পদ্মা দেখা যেকোনো মানুষের জন্যই মনোমুগ্ধকর একটি ব্যাপার। নানা জায়গা থেকে অনেক লোকজন পদ্মার চরে বনভোজনের জন্য আসে। পদ্মার রূপসৌন্দর্য নদীপ্রেমীদের সব সময় মুগ্ধ করে রাখে।
দেশ ভ্রমণ
দেশ ভ্রমণ আনন্দের একটি অন্যতম মাধ্যম। আনন্দ পেতে ও নতুনকে জানার জন্যই মানুষ দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। জ্ঞানলাভের পূর্ণতা আনতে দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা অনেক। দেশ ভ্রমণ একজন মানুষের শিক্ষাকে পরিপূর্ণ করে তোলে। দেশ ভ্রমণের কারণে জীবন ও জগত্ সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। মানুষের মনের উদারতা বাড়ে। শিক্ষা ও জ্ঞানার্জনের একটি উত্তম পথ হলো দেশ ভ্রমণ। দিনের পর দিন মানুষ ঘরের ভেতরে আবদ্ধ থাকলে তার মধ্যে একধরনের সংকীর্ণতা দেখা দেয়। নানা উদ্দেশ্যে মানুষ দেশ ভ্রমণ করে থাকে। কেউ অজানাকে জানতে, কেউ ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে, আবার কেউ দেশের অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যেও দেশ ভ্রমণ করে। নানা দেশের প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্যও অনেকে দেশ ভ্রমণ করে থাকে। বর্তমানে সারা বিশ্বে দেশ ভ্রমণ করার বিষয়টি জনপ্রিয়তা অর্জন করেছে। আজ তাই বিশ্বের হাজার হাজার মানুষ সারা বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছে। দেশ ভ্রমণই মানুষকে এই পৃথিবীর বৈচিত্র্য ও রহস্যের মধ্যে অবগাহনের সুযোগ করে দেয়।
বই পড়ার আনন্দ
বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। সাহিত্যিকেরা নিজের মনের মাধুরী মিশিয়ে মনের ভাব ফুটিয়ে তোলেন তাঁদের লেখা বইয়ে। পাঠকমন আনন্দপিপাসু। বই পড়ে তাঁরা মেটান তাঁদের আনন্দপিপাসা, বিনোদনের চাহিদা। বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধারণা ধারণ করে। সায়েন্স ফিকশন বই পড়ে পাঠকের মন বিচরণ করে বিজ্ঞানের জানা-অজানার দুনিয়ায়, কবিতা পড়ে হারিয়ে যায় কবিতার ভাব কবির ভাবনার দুনিয়ায়। গল্প, উপন্যাস মানুষের মনকে করে প্রভাবিত, দেয় আনন্দ, বিকশিত করে চিত্তকে। পরিবর্তন করে চিন্তাধারা। পাঠকেরা তাঁদের পছন্দের বই পড়ে অবসর কাটান। বই মানুষকে দেয় আনন্দ, দূর করে ক্লান্তি। বই পড়ায় নেই অর্থলাভের আশা। আছে পার্থিব আনন্দলাভের উদ্দেশ্য; আছে কেবল নিজের ভেতরের সন্তুষ্টি, আত্মতৃপ্তি। বই এক অফুরন্ত আনন্দের উত্স। বই মানুষের মনকে করে উন্নত, দেয় নতুন প্রাণশক্তি, আনে বৈচিত্র্য। একজন পাঠক মনের আনন্দে পড়েন সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস। কারণ, বই মানুষকে কেবল আনন্দই দেয়। বই মানুষের মনকে জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা