বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ৪ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৪ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: সমাস: ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপণ। ডক্টর মুহ্ম্মদ শহীদুল্লাহর মতে, পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন: পণ হতে মুক্ত = পণমুক্ত।
ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহূত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য।
সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটো সমস্যমান পদ।
সমস্ত পদ: সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাতফেরত’ পদটি সমস্ত পদ।
সমাস সাধারণত ছয় প্রকার। যথা:
১। দ্বন্দ্ব সমাস ২। কর্মধারয় সমাস ৩। তত্পুরুষ সমাস ৪। দ্বিগু সমাস ৫। অব্যয়ীভাব সমাস ও ৬। বহুব্রীহি সমাস।
দ্বন্দ্ব সমাস: যে সমাসে কয়েক পদে সমাস হয় এবং এদের প্রতিটির অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন: গুরু ও শিষ্য = গুরুশিষ্য। দ্বন্দ্ব সমাসে ও, আর এবং ইত্যাদি অব্যয় ব্যবহূত হয়; কিন্তু সমস্ত পদে এগুলোর বিলুপ্তি ঘটে।
কর্মধারয় সমাস: বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং যাতে বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালেও কর্মধারয় সমাস হয়। যেমন: যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি, যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
তত্পুরুষ সমাস: পূর্ব পদে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং যাতে পর পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে তত্পুরুষ সমাস বলে। যেমন: দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, গাছে পাকা = গাছপাকা ইত্যাদি।
দ্বিগু সমাস: পূর্বপদে সংখ্যাবাচক শব্দের সঙ্গে সমাহার বা সমষ্টি অর্থে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দিগু সমাস বলে। যেমন: তিন কালের সমাহার = ত্রিকাল, নবরত্নের সমাহার = নবরত্ন।

অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: জলের অভাব = নির্জল, কূলের সমীপে = উপকূল ইত্যাদি।
অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাত্, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
বহুব্রীহি সমাস: যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: দশ আনন যার = দশানন। এখানে ‘দশ’ ও ‘আনন’ এই দুই পদে সমাস হয়ে ‘দশানন’ সমস্ত পদটি হয়েছে। কিন্তু ‘দশানন’ পদটি ‘দশ’ ও ‘আনন’ সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে দশ আনন (মুখমণ্ডল) বিশিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে।

প্রশ্ন: প্রত্যয় কাকে বলে? কত প্রকার ও কী কী?
উত্তর: প্রত্যয়: প্রকৃতির শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে। যেমন: চল + অন্ত = চলন্ত, ঢাকা + আই = ঢাকাই। প্রত্যয় দুই প্রকার।
যথা: ১. কৃত্ প্রত্যয় ও ২. তদ্ধিত প্রত্যয়
কৃত্ প্রত্যয়: ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃত্ প্রত্যয় বলে। যেমন: নাচ্ + অন = নাচন।
তদ্ধিত প্রত্যয়: শব্দ বা নামপ্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে, তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: ঢাকা + আই = ঢাকাই।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা