বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৪ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর: সমাসের সংজ্ঞা: পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।

সমাসের প্রয়োজনীয়তা: সমাসের বহুবিধ প্রয়োজনীয়তা রয়েছে। নিচে পর্যায়ক্রমে তা দেওয়া হলো:

১। ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাত্ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন ‘যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়’—এই বৃহত্ বাক্যটিকে সমাসসাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি ‘নিরন্নরা প্রতি দ্বারে ঘুরে বেড়ায়’। অনুরূপ ‘মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জামাই বাষ্প দ্বারা চালিত যানে ঢাকা গেলেন’ না বলে সংক্ষিপ্তাকারে আমরা বলতে পারি, মাস্টার সাহেবের ঘরজামাই বাষ্পযানে ঢাকা গেলেন।

২। নতুন শব্দ গঠন: সমাস নতুন শব্দ গঠনের একটি অভিনব পদ্ধতি। যেমন জায়া ও পতি দুটি শব্দের মিলনে সমাসসাধিত নতুন শব্দ দম্পতি।

৩। ভাষার শ্রুতিমধুরতা বৃদ্ধি: সমাস ভাষাকে শ্রুতিমধুর, প্রাঞ্জল ও ছন্দোময় করে তোলে। যেমন ‘রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন’ না বলে ‘রাজা সিংহাসনে বসে আছেন’ বললে বাক্যটি সুন্দর শোনায়।

৪। বিশেষ্য ও বিশেষণ পদ গঠন: বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ সর্বদা বিশেষণরূপে ব্যবহূত হয়। যেমন: ক. পীত অম্বর যাহার = পীতাম্বর (কৃষ্ণ) বিশেষণ। খ. ন অতি দীর্ঘ = নাতিদীর্ঘ (বিশেষণ)। গ. হাতে পরার ঘড়ি = হাতঘড়ি (বিশেষ্য)।

৫। তুলনাকরণ: দুই পদের মধ্যে তুলনা বোঝাতেও সমাস ব্যবহূত হয়ে থাকে। যেমন:

বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।

প্রেম রূপ দরিয়া = প্রেমদরিয়া।

৬। সহচর শব্দ গঠন: সমাসের মাধ্যমে সহচর শব্দ গঠিত হয়। যেমন: সোনা ও রুপা = সোনারুপা।

প্রশ্ন: বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা আছে কি?

উত্তর: বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা: মানুষের ভাব প্রকাশের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। একমাত্র ভাষাই তার মনের কথাকে সুন্দর ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম। আর এ কাজে ভাষাকে সাহায্য করে তার শব্দসম্ভার। সে জন্য যে ভাষার শব্দভান্ডার যত সমৃদ্ধ, সেই ভাষার প্রকাশক্ষমতাও তত বেশি।

বাংলা ভাষার শব্দ গঠনের যেসব পদ্ধতি বা নিয়ম আছে,  প্রত্যয় তার মধ্যে অন্যতম। প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় প্রতিনিয়ত নতুন নতুন শব্দ সৃষ্টি করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছে। যেমন: ╓মিশ্-এর  সঙ্গে ‘উক’ প্রত্যয় যুক্ত করলে গঠিত হবে ‘মিশুক’—এই নতুন শব্দটি মেঘ শব্দের সঙ্গে ‘লা’ প্রত্যয় যোগ করলে পাওয়া যাবে ‘মেঘলা’ শব্দটি। এমনিভাবে কৃত্ ও তদ্ধিত প্রত্যয় দ্বারা নতুন নতুন শব্দ সৃষ্টি হয়ে বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে চলেছে। সুতরাং, বাংলা ভাষায় প্রত্যয়ের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কী কী?

উদাহরণ দাও।

উত্তর: উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।

উপসর্গের শ্রেণিবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা:

১. খাঁটি বাংলা উপসর্গ ২. সংস্কৃত উপসর্গ ও ৩. বিদেশি উপসর্গ।

১. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

প্রয়োগ: অ—অবহেলা, অকাজ।

কু—কুকথা, কুকাজ।

২. সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উত্, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

প্রয়োগ: প্র—প্রচার, প্রসার।

উপ—উপদেশ, উপকার।

৩. বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।

প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল।

বদ—বদলোক, বদনাম।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা