বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ রচনা

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের অনুচ্ছেদ রচনা দেওয়া হলো।

শিল্পাচার্য জয়নুল আবেদিন
চিত্রশিল্পী জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বর্তমান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জয়নুল আবেদিন ছোটবেলা থেকেই ছবি আঁঁকা পছন্দ করতেন। শৈশবে চারপাশের প্রকৃতিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা জিনিস এঁকে তিনি মা-বাবাকে দেখাতেন। ছবি ও চিত্রকলার প্রতি তিনি এতটাই আকৃষ্ট ছিলেন যে মাত্র ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন কেবল কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। এই প্রতিষ্ঠানটি দেখে আসার পর সাধারণ পড়াশোনায় আর তাঁর মন বসছিল না। ১৯৩৩ সালে মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়ে জয়নুল আবেদিন কলকাতায় চলে যান এবং গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। ছেলের প্রচণ্ড আগ্রহ দেখে তাঁর মা ভর্তির খরচ জোগাতে নিজের গলার হার বিক্রি করে দেন। জয়নুল আবেদিন একজন স্বনামধন্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পরবর্তী জীবনে মায়ের সেই ভালোবাসার ঋণ শোধ করেন। ১৯৩৮ সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বর্তমান বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার সূচনা ঘটে তাঁর হাত দিয়েই। ১৯৪৮ সালে জনসন রোডে মাত্র ১৮ জন ছাত্র নিয়ে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট নামে এর যাত্রা শুরু হয়েছিল। জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়সহ আরও অনেক ছবি জয়নুল আবেদিনের আঁকা প্রখ্যাত চিত্রকর্ম হিসেবে স্মরণীয় হয়ে আছে। ১৯৭০ সালে গ্রামবাংলার উত্সব নিয়ে তিনি আঁঁকেন ৬৫ ফুট দীর্ঘ তাঁর বিখ্যাত ছবি ‘নবান্ন’। শৈল্পিক দক্ষতা, আদর্শ ও দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশে ‘শিল্পাচার্য’ হিসেবে খ্যাত।
১৯৭৬ সালের ২৮ মে ৬১ বছর বয়সে এই গুণী শিল্পী মৃত্যুবরণ করেন।
পরিবেশদূষণ
সভ্যতার বিবর্তনের মধ্য দিয়ে মানুষ প্রকৃতিকে ব্যবহার করে গড়ে তুলেছে নিজের পরিবেশ। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ পেয়েছে অনেক সুখ-স্বাচ্ছন্দ্য। কিছু জিনিসের অপব্যবহার ও জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ ক্রমেই দূষিত হয়ে উঠছে। মানুষই প্রকৃতির পানি-মাটি-বাতাসকে করেছে দূষিত। পরিবেশদূষণ মূলত দুটি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে প্রকৃতিগত। যেমন: ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অগ্ন্যুত্পাত, ভূমিকম্প। দ্বিতীয়টি হচ্ছে মানুষের সৃষ্ট। যেমন: পানিদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ, মাটিদূষণ ইত্যাদি। কীটনাশক, গুঁড়া সাবান, ওষুধপত্র ও প্রসাধনসামগ্রী, প্লাস্টিকের ব্যবহারের ফলেও পরিবেশদূষণ হয়ে থাকে। এসব দূষণের কারণে আজ মানবসভ্যতার অস্তিত্ব হুমকির সম্মুখীন। পরিবেশ সংরক্ষণে তাই বিশ্বের সচেতন মানুষ জেগে উঠেছে। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কীভাবে কমানো যায়, জলবায়ু মোকাবিলায় করণীয় কী, বন্য প্রাণী ও বনজ সম্পদ রক্ষা, পানিদূষণ, বায়ুদূষণ রোধে মানুষ গ্রহণ করছে নানামুখী পরিকল্পনা। বিশ্বের পরিবেশবাদীদের প্রচেষ্টায় সাধারণ মানুষও আজ পরিবেশ সম্পর্কে সচেতন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবিধানেও যুক্ত হয়েছে পরিবেশ সংরক্ষণ আইন। তবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা ও সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করলে পরিবেশদূষণ রোধ করা সম্ভব।

নাগরিক জীবন
নগরকেন্দ্রিক জীবনব্যবস্থাই হলো নাগরিক জীবন। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিকশিত হচ্ছে নগর। অতীতে আমাদের জীবনযাত্রা গ্রামকেন্দ্রিক হয়ে থাকলেও বর্তমানে তা হয়ে উঠছে শহরমুখী। নাগরিক জীবন পল্লিজীবনের তুলনায় অগ্রগামী। পল্লিজীবন অকৃত্রিম আর নাগরিক জীবন তার উল্টো। কৃত্রিমতা কথাটা শুনতে খারাপ হলেও সভ্যতার অঙ্গ বলে আমরা একে গ্রহণ করেছি। একে নাগরিক জীবনের দোষ বলে গণ্য করাও মুশকিল। নাগরিক জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ। কারণ, ব্যক্তিস্বাতন্ত্র্যের মর্যাদা গ্রামের তুলনায় নগরে-শহরে বেশি প্রতিষ্ঠিত। শহরে পরস্পরের ওপর নির্ভরশীলতা গ্রামের চেয়েও বেশি। তবু নগরজীবন শিক্ষা, চিকিত্সা, অর্থবিত্ত, আমোদ-প্রমোদ, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে যে অনেক বেশি অগ্রসর, তা অস্বীকার করা অসম্ভব। নাগরিক জীবনের বিশাল কর্মক্ষেত্র মানুষকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা