৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ে ৫ নম্বর প্রশ্নের বাক্য রূপান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাক্য রূপান্তরের সময় নিচের নিয়ম অবশ্যই মনে রাখবে।
অস্তি থেকে অনুজ্ঞা
অস্তি: তোমার বিয়ে করা কর্তব্য। (অনুজ্ঞা)
অনুজ্ঞা: তুমি বিয়ে করো।
অস্তি: তাকে এলাকা থেকে তাড়ানো দরকার। (অনুজ্ঞা)
অনুজ্ঞা: তাকে এলাকা থেকে তাড়াও।
অস্তি: মন দিয়ে পড়াশোনা করা উচিত। (অনুজ্ঞা)
অনুজ্ঞা: মন দিয়ে পড়াশোনা করো।
অস্তি: আপনাকে ভেতরে বসতে অনুরোধ করছি। (অনুজ্ঞা)
অনুজ্ঞা: অনুগ্রহ করে আপনি ভেতরে বসুন।
নেতি থেকে প্রশ্ন
নেতি: সরস্বতী বর দেবেন না। (প্রশ্ন)
প্রশ্ন: সরস্বতী বর দেবেন কি?
নেতি: তাদের গ্রামে ফিরে আসা চলে না। (প্রশ্ন)
প্রশ্ন: তাদের গ্রামে ফিরে আসা চলে কি?
সরল-জটিল-যৌগিক বাক্যের রূপান্তর
যৌগিক: এখনই যাও, নচেত্ তার দেখা পাবে না। (সরল)
সরল: এখনই না গেলে তার দেখা পাবে না।
যৌগিক: লোকটির সবই আছে কিন্তু সুখী নয়। (জটিল)
জটিল: যদিও লোকটির সবই আছে, তবুও
সুখী নয়।
সরল: তাকে সকলে সত্ জানে। (জটিল)
জটিল: যে সত্, তাকে সকলে জানে।
জটিল: যত পোকা ছিল, সব মরে গেছে। (সরল)
সরল: সব পোকা মরে গেছে।
সরল: বিদ্বান ব্যক্তি সর্বত্র শ্রদ্ধা পান। (যৌগিক)
যৌগিক: তিনি বিদ্বান এবং সর্বত্র শ্রদ্ধা পান।
জটিল: যদি কলম থাকত, তবে লেখা যেত। (সরল)
সরল: কলম থাকলে লেখা যেত।
জটিল: যদি তুমি পাস করতে চাও, তবে পড়াশোনা করবে।
যৌগিক: পড়াশোনা করো, তবে পাস করবে।
অন্যান্য বাক্য রূপান্তর:
নির্দেশাত্মক: অধ্যক্ষের দীর্ঘ জীবন কামনা করি। (প্রার্থনাসূচক)
প্রার্থনাসূচক: অধ্যক্ষ দীর্ঘজীবী হোন।
নির্দেশাত্মক: আমরা খেলায় জিতেছি। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক: হুররে, আমরা খেলায় জিতেছি।
বিস্ময়সূচক: ওহ! কী বিপদে পড়লাম। (নির্দেশাত্মক)
নির্দেশাত্মক: ভারি বিপদে পড়লাম।
প্রশ্নসূচক: তোমার নাম কী? (বিবৃতিমূলক)
বিবৃতিমূলক: তোমার নাম জানতে চাই।
অস্তিবাচক: জোর যার মুল্লুক তার। (প্রশ্ন)
প্রশ্নবাচক: জোর যার মুল্লুক কি তার নয়?
বিবৃতিমূলক: কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক: কক্সবাজার কি স্বাস্থ্যকর স্থান!
বিস্ময়সূচক: রুনা লায়লার কী মিষ্টি গলা! (নির্দেশাত্মক)
নির্দেশাত্মক: রুনা লায়লার গলা খুব মিষ্টি।
অনুজ্ঞা: বিপদে ধৈর্য ধরো। (নির্দেশাত্মক)
নির্দেশাত্মক: বিপদে (তোমার) ধৈর্য ধারণ
করা উচিত।
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা