অনুচ্ছেদ রচনা
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের অনুচ্ছেদ রচনা দেওয়া হলো।
শীতের সকাল
ছয়টি ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে শীতের অবস্থান হেমন্তের পর আর বসন্তের আগে। গাছের ঝরা পাতায় ঘটে শীতের আগমন আর বসন্তের নতুন পাতা জাগিয়ে ঘটে শীতের বিদায়। শীতকাল এ দেশের প্রকৃতির অন্য রকম রূপ, যা সম্পূর্ণভাবে ধারণ করে শীতের সকাল। শীতের সকালে কুয়াশার চাদর পরিবেশকে করে মনোরম। যখন এই কুয়াশার চাদর ভেদ করে চারদিকে রুপালি আলো ছড়িয়ে পড়ে, তখন বাড়িঘর, গাছপালা ও প্রকৃতি ঝলমল করে ওঠে। শীতের সকালে নানা ধরনের পিঠা খাওয়ার ধুম পড়ে। সকাল বেলার রোদে পিঠা খাওয়ার যে আনন্দ, তা সব আনন্দকেই ছাড়িয়ে যায়। এই আনন্দ চারপাশে উত্সবের সমারোহ তৈরি করলেও শীতের সকাল বেলাটা মানুষ লেপ-কাঁথার নিচেই কাটাতে ভালোবাসে। শীতের সকাল অলস আর উত্সবের আমেজে উপভোগ্য হলেও গরিবদের জন্য তা ঠিকই কষ্টের। সূর্যের আলোর তীব্রতা বাড়লে দূর হয় শীতের সকালের আমেজ। শীতের সকাল প্রকৃতিকে এক পবিত্র সৌন্দর্যের সৃষ্টি করে, যা ছড়িয়ে থাকে সারা বেলা।
যানজট
যানজট হচ্ছে গাড়ি বা যানবাহনের জট। রাস্তার যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পেরে যে অস্বাভাবিক জটের সৃষ্টি হয়, তা-ই যানজট। যানজট বাংলাদেশের শহরগুলোর এক বড় সমস্যা। এই সমস্যা দিন দিন প্রকট হয়েছে দেশের রাজধানী ঢাকায়। যানজটের সীমাহীন দুর্ভোগের শিকার ঢাকার প্রতিটি মানুষ। ঢাকা বাংলাদেশের মূল কেন্দ্র। তাই দেশের সব শ্রেণির মানুষ ঢাকা শহরের দিকে ধাবিত হচ্ছে। জনগণের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে যানবাহনের সংখ্যাও বাড়ছে, যা তৈরি করছে যানজট। এ ছাড়া রাস্তার স্বল্পতা, অপ্রশস্ততা, অপরিকল্পিত নগরায়ণ আর ট্রাফিক আইন অমান্য করাই হচ্ছে ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ। আর যানজটের ফলে প্রায়ই মারাত্মক সব দুর্ঘটনা ঘটে থাকে। প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ে করা সম্ভব হয় না, যা ব্যক্তি ও সামাজিক জীবনসহ রাষ্ট্রীয় জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। যানজট দূর করার জন্য সুষ্ঠুভাবে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। প্রশস্ত রাস্তা নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ আইন, ট্রাফিক আইন কঠোরভাবে পালন করাই হতে পারে এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ। রাজধানী ঢাকার জীবনযাত্রা উন্নয়ন করার লক্ষ্যে যানজট সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বাংলাদেশের কুটির শিল্প
বাংলাদেশের কুটির শিল্পের ঐতিহ্য বহু পুরোনো। কম মূলধনে কিছুসংখ্যক মানুষের শ্রমে ঘরে বসে উত্পাদিত পণ্যকে কুটির শিল্প বলে। এর উত্পত্তি গৃহ বা পরিবারকেন্দ্রিক এবং অবসর সময়ে কম অর্থ ব্যয়ে পরিচালিত। যদিও বর্তমান সময়ে অনেক কুটির শিল্পজাত পণ্য কারখানায় উত্পাদিত হচ্ছে। এ দেশের কুটির শিল্পের অতীতের ইতিহাস অত্যন্ত গৌরবের। ইউরোপে আঠারো শতকে শিল্প-বিপ্লবের আগে কুটির শিল্পই ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি। এ দেশে ইংরেজ আমলের আগে কুটির শিল্প বেশ সুনাম অর্জন করেছিল। ঢাকাই মসলিনের খ্যাতি পৃথিবীজুড়ে ছিল। আমাদের দেশে এখনো মৃিশল্প, তাঁতশিল্প, অলংকার শিল্পসহ বাঁশ, বেত, কাঠ ও পিতল-কাঁসার তৈজসপত্র ইত্যাদি কুটির শিল্পজাত পণ্য উত্পাদিত হয়। এ ছাড়া পাটের তৈরি সামগ্রীসহ রেশম শিল্প ও খাদি শিল্প উল্লেখযোগ্য। কিন্তু শিল্প-বিপ্লবের প্রবল আধিপত্যে কুটির শিল্প এখন হুমকির মুখে। অ্যালুমিনিয়াম, চীনামাটি, মেলামিনের বাসনপত্র মৃিশল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পিতল-কাঁসার জিনিসপত্র এখন লোকে ব্যবহার করে না। এ ছাড়া বিদেশি পণ্যের প্রতি মানুষের আগ্রহ এবং কলকারখানায় উত্পাদিত পণ্য তুলনামূলক কম দামের কারণে মানুষ এখন কুটির শিল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই কুটির শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এই শিল্প রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে সরকারকে ভর্তুকি ও সংরক্ষণের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তবেই কুটির শিল্পের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা