বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সংলাপ

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ১১(ক) নম্বর প্রশ্ন অর্থাত্ সংলাপ নিয়ে কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: শহরের যানজট নিয়ে দুজন যাত্রীর সংলাপ লেখো।

উত্তর: ঢাকা শহরের যানজট নিয়ে রহিম ও করিম নামের দুই যাত্রীর মধ্যে সংলাপ নিচে দেওয়া হলো।

রহিম: পুরোই অসহ্য। এত যানজট আর ভালো লাগে না।

করিম: ঠিক বলেছেন। শহরের মানুষ ও গাড়ির সংখ্যা এত বেড়েছে যে প্রতিনিয়ত যানজটে পড়তে হচ্ছে।

রহিম: আরে ভাই, শোনেন। কুমিল্লা থেকে ঢাকা আসতে লাগে দুই ঘণ্টার মতো। আর সায়েদাবাদ থেকে মিরপুর আসতে লাগে তিন ঘণ্টা। কেমন লাগে, একবার চিন্তা করছেন?

করিম: আমাদের শহরে গাড়ি ও মানুষের ব্যাপক বৃদ্ধি, ট্রাফিক আইন না মানা, ট্রাফিক পুলিশের অদক্ষতার জন্যই তো আমাদের এই অবস্থা।

রহিম: এই শহরে আমরা ছোটবেলা থেকে দেখছি গাড়ির ড্রাইভার কত সুশৃঙ্খলভাবে  গাড়ি চালায়। আর এখন?

করিম: ড্রাইভাররা এখন কোনো ট্রাফিক আইন মানতে চায় না। যতক্ষণ প্রয়োজন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যাত্রী নামায়-ওঠায়, অবৈধ পার্কিং করে, সিগন্যাল না মেনে গাড়ি চালায়। এগুলোই এই যানজটের মূল কারণ।

রহিম: আমার মনে হয়, জনগণও সচেতন নয়, তাহলে হয়তো এই যানজট থেকে মুক্তির একটা পথ তৈরি হতো।

করিম: সবার অংশগ্রহণে এই যানজটমুক্ত ঢাকা শহর তৈরি করা খুবই প্রয়োজন।

রহিম: ঠিকই বলেছেন। তবে এ জন্য ট্রাফিক পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদেরও বিষয়টি নিয়ে ভাবা উচিত।

করিম: অবশ্যই। তারাই পারে আইন প্রণয়ন করে সবার মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে। এই ট্রাফিক আইনগুলো প্রচার ও প্রয়োগে প্রযুক্তির সহায়তা নেওয়া যেতে পারে।

রহিম: দেশের যেকোনো কাজই আজ মন্থর গতিতে চলছে। শুধু যানজটের কারণে সময়মতো অফিসে না যাওয়া, স্কুলে না পৌঁছা, চাকরিক্ষেত্রে মানুষকে দুর্বল করে দিচ্ছে।

করিম: আমারও গতকাল রাতে প্রায় তিন ঘণ্টা লেগেছে বাসায় পৌঁছাতে।

রহিম: আর্থিক সচ্ছলতা ফিরে আসায়  মানুষ আজ বেশি বেশি গাড়ি কিনছে। ফলে পরিবহন-সংকট ও যানজট আরও  বেড়ে গেছে।

করিম: আজ মানুষ বুঝতে পারছে বসবাস ও কর্মক্ষেত্রের জন্য ঢাকা শহর কতটা ঝুঁকির কবলে রয়েছে । এই সমস্যার দ্রুত সমাধান চাই।

রহিম: ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।

করিম: আপনাকেও ধন্যবাদ।

সহকারী অধ্যাপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা