*ব্যাকরণ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
ক্রিয়ার ভাব কী? কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: যে বিশিষ্ট ভঙ্গি, ধরন বা রীতির দ্বারা ক্রিয়ার কাজটি কীভাবে ঘটছে, তা বুঝতে পারা যায়, সেই বিশিষ্ট অবস্থাকে বলে ক্রিয়ার ভাব। যেমন: যদি রেখা আসে, আমার সঙ্গে দেখা করবে।
ক্রিয়ার ভাব চার প্রকার। যথা:
১। নির্দেশক ভাব
২। অনুজ্ঞা ভাব
৩। সাপেক্ষ ভাব
৪। আকাঙ্ক্ষা প্রকাশ ভাব
১। নির্দেশক ভাব: সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যথা: তারা বাড়ি যাবে।
আপনি কি আসবেন?
২। অনুজ্ঞা ভাব: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়া পদের অনুজ্ঞা ভাব হয়। যেমন: চুপ করো, মিথ্যা বলবে না, মন দিয়ে পড়ো।
৩। সাপেক্ষ ভাব: একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে। যেমন: যদি সে পড়ত, তবে পাস করত। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।
৪। আকাঙ্ক্ষা প্রকাশক ভাব: যে ক্রিয়াপদের বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন: সে যাক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক।
প্রশ্ন: যোজক কাকে বলে? যোজকের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: যোজক: একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন, পৃথক্করণ অথবা সংকোচন ঘটায়। যেমন:
এতগুলো বই আর এতগুলো খাতা এই ব্যাগে ধরবে?
যোজকের শ্রেণিবিভাগ: অর্থ সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়:
সাধারণ যোজক: দুটি শব্দ, বাক্য বা বাক্যকল্পকে জুড়ে দেয়। যেমন:
দুটি শব্দের সংযোগ: নীপা আর দীপা একই কলেজে পড়ে।
দুটি বাক্যকল্পে সংযোগ: আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
দুটি বাক্যের সংযোগ: জলদি গাড়ি বের করো এবং স্টেশনে চলে যাও।
বৈকল্পিক যোজক: একাধিক শব্দ বা বাক্যবিকল্প বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন: লাল বা নীল যেকোনো রং হলেই হবে।
বিরোধমূলক যোজক: দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথমটির বক্তব্যের সংশোধন বা বিরোধী নির্দেশ করে। যেমন: এত মেঘ হলো, তবু বৃষ্টি হলো না।
কারণবাচক যোজক: এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন: জিনিসের দাম বেড়েছে, যেহেতু পরিবহন ধর্মঘট। এগুলোতে শর্তও ফুটে ওঠে। যেমন: দ্রুত শিল্পায়ন দরকার, নতুবা দেশের উন্নতি হবে না।
সাপেক্ষ যোজক: একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহূত হয়। প্রথাগত ব্যাকরণে সাপেক্ষ বা নিত্যসম্বন্ধীয় অব্যয় বলা হতো। এগুলোতে ক্রিয়াবিশেষণের চরিত্র আছে। যেমন: যত গর্জে তত বর্ষে না।
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা