ব্যাকরণ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করা হলো।
ধাতু
১৫। বাংলা ভাষায় সব ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?
ক. ছয়টি খ. আটটি গ. দশটি ঘ. বিশটি
উত্তর: ঘ. বিশটি
১৬। ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
ক. ক্রিয়ার কাল খ. ক্রিয়ার ভাব
গ. ক্রিয়ার কর্ম ঘ. ক্রিয়ার অনুজ্ঞা
উত্তর: ক. ক্রিয়ার কাল
১৭। বাক্যের কোন পদ দিয়ে বিভিন্ন কালের পরিচয় দেওয়া হয়?
ক. বিশেষ পদ খ. বিশেষণ পদ
গ. ক্রিয়া পদ ঘ. সর্বনাম পদ
উত্তর: গ. ক্রিয়া পদ
১৮। কোনটি নাম ধাতু?
ক. ঘুম + আ খ. নাচ্ + আ
গ. খেল + এ ঘ. কৃ + আ
উত্তর: ক. ঘুম + আ।
১৯। ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
উত্তর: খ. মৌলিক ধাতু।
ক্রিয়ার কাল: বর্তমান, অতীত, ভবিষ্যৎ ও অনুজ্ঞা
লক্ষ করো:
১. আজ স্কুল খোলা।
২. গতকাল স্কুল বন্ধ ছিল।
৩. আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে।
ওপরের বাক্য তিনটিতে ‘ক্রিয়াপদগুলো নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময় বোঝানো হয়েছে। প্রথম বাক্যে ‘খোলা’ ক্রিয়াটি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়। দ্বিতীয় বাক্যে ‘ছিল’ ক্রিয়াটি পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছে। তৃতীয় বাক্যে ‘হবে’ ক্রিয়াটি দ্বারা কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে, এমন ভাব প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে, মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়া নির্দেশ করে থাকে। ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে ক্রিয়ার কাল বলে।
ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:
১. বর্তমান কাল
২. অতীত কাল
৩. ভবিষ্যৎ কাল
১. বর্তমান কাল: যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বুঝায়, তাকে বর্তমান কাল বলে। যেমন: আমি পড়ি। সে যায়।
২. অতীত কাল: যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে, তার কালকে অতীত কাল বলে। যেমন: আমি তাকে দেখেছিলাম।
মা রান্না করছিলেন।
৩. ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে, এমন বোঝায়, তার কালকে ভবিষ্যৎ কাল বলে।
যেমন: বৃষ্টি আসবে। পার্থ নাচবে।
প্রতিটি কাল আবার কয়েক ভাগে বিভক্ত। যথা:
১. বর্তমান কাল: ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান
২. অতীত কাল: ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
৩. ভবিষ্যৎ কাল: ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ গ. পুরাঘটিত ভবিষ্যৎ।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা