বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় প্রধান (বাংলা), ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে বড় প্রশ্ন লেখার নমুনা প্রশ্নের উত্তর দেখো। এবারে সমাসের রচনামূলক প্রশ্ন যেমন: সমাস বলতে কী বোঝো? সমাস পাঠের প্রয়োজনীয়তা উদাহরণসহ লেখো।# সমাস = সম+আস। সমাস অর্থাৎ সহাবস্থান। পরস্পর অর্থ সংগতিবিশিষ্ট দুই বা বহুপদ মিলে একপদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। ভাষাকে সংক্ষেপ করাই এর কাজ। সমাসে অর্থের দিক থেকে মিল থাকতে হয়। যেমন, ধানের খেত কথাটিতে অর্থের দিক থেকে পরস্পরের মধ্যে সম্বন্ধ রয়েছে এবং এখানে দুটি পদ। ধানের ও খেত মিলে একপদ ধানখেত হয়েছে। ‘জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত উৎসব’ কথাগুলোকে সমাস করলে হয় ‘জন্মোৎসব’ পদ। এখানে অনেক পদ মিলে এক পদ হয়েছে। সমাস অর্থ মিলন বা একাধিক পদের একপদীকরণ। পদগুলো একসঙ্গে একটি বিশেষ অর্থ প্রকাশ করবে। অনেক সময় পদগুলো মিলে একটি পদ হলেও মূল পদের অর্থই প্রকাশ করে। দুই বা বহুপদ মিলে একপদে পরিণত হলেও অর্থের কোনো তারতম্য হবে না। সমাস গঠনের কিছু নিয়ম-কানুন আছে। যেমন: সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য, পূর্বপদ ও পরপদ সম্পর্কে পরিষ্কার ধারণা নিলে সমাস নির্ণয় খুবই সহজ হবে। যে কটি পদ মিলে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। যেমন: ধানের খেত=ধানখেত। ধানের খেত সমস্যমান পদ। আবার ‘ধানখেত’ সমস্ত পদ। সমস্যমান পদের প্রথমটিকে পূর্বপদ ও শেষের পদকে পরপদ বলা হয়। যেমন নীল যে পদ্ম=নীলপদ্ম। নীল পূর্বপদ ও পদ্ম পরপদ। সমাস বিশ্লেষণ করার জন্য যে পদ, বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয়, তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে। যেমন: হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি। ‘দেওয়া হয় যে অনুষ্ঠানে’ এই বাক্যাংশ হলো ব্যাসবাক্য। সমাস পাঠের প্রয়োজনীয়তা: বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে সমাসের বিশিষ্ট ভূমিকা রয়েছে। সমাসের সাহায্যে বক্তব্যকে সংক্ষেপ করা হয়। সমাসে একাধিক পদের সমন্বয়ে অর্থবোধক একটি নতুন পদ সৃষ্টি হয়ে থাকে। এতে ভাষার প্রকাশরীতি একদিকে যেমন সুন্দর ও সহজ হয়, অন্যদিকে একটি মাত্র শব্দের ব্যবহার যথার্থ মনোভাবের প্রকাশ ঘটে। যেমন ‘রেলের ওপর দিয়ে চলে যে গাড়ি, সেই গাড়িতে ভ্রমণ আরামদায়ক।’ এ কথা যদি আমরা বলি ‘রেলগাড়িতে ভ্রমণ আরামদায়ক’ তাহলে বাক্যটি একদিকে যেমন সংক্ষিপ্ত হলো, আবার অন্যদিকে শ্রুতিমধুরও হয়। তাই বলা যায়, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ সংক্ষেপে সুন্দর উপস্থাপনে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে সমাসের বিশেষ ভূমিকা রয়েছে। রচনায় অল্প কথায় মনের ভাব প্রকাশ করতে পারা একটা বিশেষ গুণ। এ গুণের একটা বড় অংশ শেখা যায় কেবল সমাসের ব্যবহারের মধ্যে দিয়ে। ‘চর ও অচর’ না বলে যদি সমাসবদ্ধ শব্দ ‘চরাচর’ বললে সুন্দর শোনায়। সুতরাং বলা যায়, বাংলা ভাষা ও সাহিত্যের ভাব প্রকাশের সংক্ষিপ্ততা, শ্রুতিমাধুর্য, সৌন্দর্য বৃদ্ধি ও অলংকরণ—এসবের জন্য সমাসের ভূমিকা তুলনাহীন।