ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণ নিয়ে আলোচনা করা হলো।
ক্রিয়ার কাল: বর্তমান, অতীত, ভবিষ্যৎ ও অনুজ্ঞা
১. বর্তমান কাল
ক. সাধারণ বর্তমান: যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
যেমন: সকালে সূর্য ওঠে। দুই আর দুইয়ে চার হয়।
খ. ঘটমান বর্তমান: যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
যেমন: আমার ছোট ভাই লিখছে। ছেলেরা এখনো ফুটবল খেলছে।
গ. পুরাঘটিত বর্তমান: যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমন: এখন বাবা অফিস থেকে ফিরেছেন।
এবার মা খেতে ডেকেছেন।
২. অতীত কাল
ক. সাধারণ অতীত: যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তাকে সাধারণ অতীতকাল বলে।
যেমন: তিনি খুলনা থেকে এলেন। আমি খেলা দেখে এলাম।
খ. ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে।
যেমন: রিতা ঘুমাচ্ছিল। সুমন বই পড়ছিল।
গ. পুরাঘটিত অতীত: যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: আমরা রাজশাহী গিয়েছিলাম। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?
ঘ. নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
৩. ভবিষ্যৎ কাল
ক. সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন: বাবা আজ আসবেন। আমি হব সকালবেলার পাখি।’
খ. ঘটমান ভবিষ্যৎ: যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।
যেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে। মনীষা দৌড়াতে থাকবে।
গ. পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন: তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে।
সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে।
৪. অনুজ্ঞা
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয, তাকে অনুজ্ঞা বলে। যেমন: ১. বর্তমান কালের অনুজ্ঞা:
তোমরা কাজ করো। রোহান লিখুক। আমাকে তুমি রক্ষা করো, প্রভু।
বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের রূপ:
ধরন সর্বনাম বিভক্তি ক্রিয়াপদ
তুচ্ছার্থক তুই, তোরা —০ শূন্য কর্, যা, পা, খা, দে
সাধারণ তুমি, তোমরা —অ, —ও, উক করো, যাও, খাও
২. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা:
সব সময় সত্যি বলবে। বড় হও, বুঝতে পারবে।
ভবিষ্যৎ কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের রূপ:
ধরন সর্বনাম বিভক্তি ক্রিয়াপদ
তুচ্ছার্থক তুই, তোরা —স করিস, যাস, খাস
সাধারণ তুমি, তোমরা —ও, —বে করো, করবে, খেও, যাবে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল