বাংলা ২য় পত্র
সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ব্যাকরণ প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে ব্যাকরণ অংশের মৌলিক বিষয়গুলো আলোচনা করব।ব্যাকরণের সংজ্ঞা: যে শাস্ত্রে কোনো ভাষা বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, তাকে ব্যাকরণ বলে।বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক থেকে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে।সংজ্ঞা থেকে ধারণা করা যায়, ব্যাকরণ বলতে কোনো ভাষার স্বরূপ বিশ্লেষণ তথা ভাষার বিশুদ্ধ রূপ রক্ষার উপায় বোঝায়। ব্যাকরণের মধ্যে ভাষার বিশ্লেষণ বা তার নিয়ম-কানুনের আলোচনা থাকে। ব্যাকরণে ভাষার উপাদান, নানা রকম বৈশিষ্ট্য, নিয়ম-কানুনের পারস্পরিক সম্পর্ক, ভাষার ব্যবহারবিধি, গতিপ্রকৃতি বা নিয়ম-কানুনের পরিচয় থাকে। ভাষা সৃষ্টি হয়েছে বহুদিন আগে। মানুষের মুখে মুখে তা প্রচলিত হয়ে আসছে। এর ফলে বিভিন্ন সময় ভাষার নানা রকম পরিবর্তন ঘটেছে। এসব পরিবর্তন আর বৈশিষ্ট্যের পরিচয়ই ব্যাকরণে স্থান পেয়েছে।মনের ভাব শুদ্ধরূপে প্রকাশ করতে হয়। শুদ্ধরূপে প্রকাশের জন্য ব্যাকরণের নিয়ম-কানুনের সহায়তা নিতে হয়। মানুষের মনের কোনো ভাবের পরিপূর্ণ প্রকাশ পায় এক একটি বাক্যে। বাক্য তৈরি হয় কিছু শব্দ নিয়ে। আবার শব্দ বিশ্লেষণ করলে পাওয়া যায় বর্ণ। বর্ণ হলো ধ্বনির প্রতীক। এভাবে ভাষার মধ্যে বাক্য, শব্দ, বর্ণ, ধ্বনি ইত্যাদি স্তর পাওয়া যায়। এসব স্তর কীভাবে গঠিত হয়েছে, এগুলোর বৈশিষ্ট্য কী ইত্যাদি আলোচনার মাধ্যমে ব্যাকরণ ভাষার পরিচয় তুলে ধরে। এভাবে ব্যাকরণ ভাষার স্বরূপ, তার গতিপ্রকৃতি, সঠিক ব্যবহারের কৌশল ইত্যাদি দেখিয়ে দেয়। ব্যাকরণ এসব বিষয় নিয়েই আলোচনা করে। ব্যাকরণের বৈশিষ্ট্য: ব্যাকরণ কথাটির অর্থ ‘বিশেষ রূপে বিশ্লেষণ’। কোনো ভাষার ভেতরের নিয়মনীতি ব্যাকরণের আলোচনার বিষয়। দীর্ঘদিন ধরে ভাষার বিকাশ ঘটছে। তাতে ভাষার ধ্বনি, শব্দ ও বাক্য গঠনে প্রচলিত রীতিনীতির নানা রকম পরিবর্তন এসেছে। ফলে বর্তমানে সবার কাছে গ্রহণযোগ্য একটা বিশেষ রীতি দাঁড়িয়ে গেছে। এই রীতির নানা বিষয় ব্যাকরণে আলোচনা করা হয়। ভাষার বর্তমান রূপটির পরিচয় পাওয়া যায় ব্যাকরণে। তাই বলা হয়, ‘ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম ব্যাকরণ।’ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয়। সংবিধানের মতো ব্যাকরণে আছে ভাষার আইন-কানুন। ব্যাকরণ জানা থাকলে ভাষার নির্ভুল ব্যবহার সম্ভব হয়। দেশ কাল ও সমাজভেদে ভাষার রূপের ভিন্নতা দেখা যায়। সব সময় ভাষা এক রকম থাকে না। তাই ভাষার নিয়ম-শৃঙ্খলা জানা না থাকলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। ব্যাকরণেরও নিয়ম-কানুন সব সময় একরকম থাকে, এমন বলা যায় না। ভাষাকে জোর করে ব্যাকরণের নিয়মের মধ্যে আটকে রাখা যায় না। কখনো কখনো কোনো ভুল প্রয়োগও সবাই মেনে নেয়। তখন তা ব্যাকরণের নিয়ম হয়ে ওঠে। এভাবে ভাষা ব্যাকরণের সীমানা ডিঙিয়ে যায়। তাই বলা হয়, ব্যাকরণ ভাষাকে শাসন করে না, ভাষাই ব্যাকরণকে শাসন করে। এভাবে ভাষা তার নিজের গতিতে এগিয়ে চলে।তাই ব্যাকরণ ভাষার সংবিধান হলেও তা অপরিবর্তনীয় নয়। ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাকরণের নিয়মেরও পরিবর্তন ঘটে।ভাষা সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ এসেছে পরে। তাই ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। অনবরত ব্যবহারে ভাষার যে নিয়ম দাঁড়িয়ে যায়, তা-ই ব্যাকরণের নিয়ম হয়ে ওঠে। ভাষা পরিবর্তনেরও নিয়ম আছে। তা নির্ধারণের জন্য ব্যাকরণের প্রয়োজন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল