বাংলা ২য় পত্র
বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। অকালকুষ্মাণ্ড (অকর্মণ্য)—ছেলেটি বড়ই অকালকুষ্মাণ্ড, ওকে দিয়ে কোনো কাজ হবে না।অন্ধের যষ্ঠি (একমাত্র অবলম্বন)—বৃদ্ধা জননীর অন্ধের যষ্ঠির মতো পুত্রটি অকালে প্রাণ হারাল।অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন)—তাঁর কাছে এ বিষয়ে তোষামোদ করা, আর অরণ্যে রোদন করা একই কথা।অগস্ত্য যাত্রা (শেষ প্রস্থান)—শ্বশুরের সঙ্গে ঝগড়া করে জামাতা একেবারে অগস্ত্য যাত্রা করলেন।অহি-নকুল সম্বন্ধ (চিরশত্রু)—চাচা-ভাইপোর মধ্যে একেবারে অহি-নকুল সম্বন্ধ। সামান্য ব্যাপার নিয়ে কতবার যে লড়াই হয়ে গেছে, তার ইয়ত্তা নেই।অল্প বিদ্যা ভয়ংকরী (অল্প বিদ্যার গর্ব)—অল্প বিদ্যা ভয়ংকরী বলেই অর্বাচীন জব্বার মিয়া বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক ড. কুদরাত-এ-খুদার বৈজ্ঞানিক তত্ত্বের সমালোচনায় অগ্রসর হলো।অগাধ জলের মাছ (অত্যন্ত কৌশলী)— কথাবার্তা সাদাসিধে হলেও লোকটি অগাধ জলের মাছ। ওর প্রকৃত পরিচয় পেতে একটু দেরি হবে।অমাবস্যার চাঁদ (অদর্শনীয়)—কী ভাই, তুমি যে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে উঠলে, কত দিন তোমাকে দেখি না।আমড়াগাছি করা (তোষামোদ করা)—চতুর লোকেরা নির্বোধ, ধনী লোককে আমড়াগাছি করে নিজেদের কাজ হাসিল করেন।আসরে নামা (কাজে অবতীর্ণ হওয়া)—আসরে যখন নামতেই হবে, তখন ঘোমটা দিলে কি চলে?আঁকুপাঁকু করা (ছটফট করা)—তাঁর মতো এমন অহেতুক আঁকুপাঁকু করতে দেখে কার না গা জ্বলে!আকাশ থেকে পড়া (অপ্রত্যাশিত)—হঠাৎ লটারির ৪০ লাখ টাকা পেয়ে রফিক যেন আকাশ থেকে পড়লেন।আক্কেল সেলামি (ভুলের মাসুল)—বিনা টিকিটে রেলভ্রমণ করতে গিয়ে ৩০০ টাকা আক্কেল সেলামি দিতে হলো হাবিবকে।আগুন নিয়ে খেলা (ভয়ংকর বিপদ)—শ্রমিকদের নিয়ে দলবাজি করা, আর আগুন নিয়ে খেলার সমান।আগুনে ঘি ঢালা (রাগ বাড়ানো)—তাঁর ঘোর বিপদের সময় দেনার টাকা চেয়ে আগুনে ঘি ঢাললেন রহিম।আটকপালে (হতভাগা)—আটকপালে জব্বারের জীবনে সুখ আসবে কী করে?আঠারো আনা (বেশি সম্ভাবনা)—এবার পরীক্ষায় তাঁর পাস করার সম্ভাবনা আঠারো আনা।আমতা আমতা করা (অস্পষ্টভাবে উত্তর দেওয়া)- আমতা আমতা না করে সোজাসাপটা বলে ফেল, কী বলতে চাও?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল